খানাখন্দ, জোড়াতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মোকামতলা–জয়পুরহাট সড়কের কিচক এলাকায় সড়কের গর্ত ইট দিয়ে ভরাট করা হলেও সেগুলো উঠে যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মোকামতলা–জয়পুরহাট সড়কের কিচক এলাকায় সড়কের গর্ত ইট দিয়ে ভরাট করা হলেও সেগুলো উঠে যাচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। প্রায় ছয় বছর ধরে সড়কটির অবস্থা বেহাল। এতে যান চলাচলে দুর্ভোগ বেড়েছে। এদিকে সড়কের কিছু ভাঙাচোরা অংশে পিচঢালাই করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে থাকা সড়কটির দৈর্ঘ্য প্রায় ৩৯ কিলোমিটার। সড়কের বগুড়ার মোকামতলা থেকে বাঁশের সেতু পর্যন্ত ১৬ কিলোমিটার সওজের বগুড়া বিভাগ এবং বাঁশের সেতু থেকে ২৩ কিলোমিটার অংশ সওজের জয়পুরহাট বিভাগ দেখভাল করে।
বগুড়ার কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, হিলি স্থলবন্দর থেকে দিনে-রাতে শত শত পণ্যবাহী ট্রাক চলে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক সড়ক দিয়ে। এ সড়ক ব্যবহার করে জয়পুরহাট থেকে ধান-চাল ও আলুবাহী শত শত ট্রাক দেশের বিভিন্ন স্থানে যায়। এ ছাড়া জয়পুরহাট-বগুড়া এবং জয়পুরহাট-ঢাকা পথে প্রতিদিন গড়ে ৫০০ যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অথচ আশির দশকের পর সড়কটি প্রশস্ত করা হয়নি।
গত ৩০ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, সড়কটির বগুড়ার ১৬ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে খোয়া-কার্পেটিং ওঠা। ভেতরের ইট বেরিয়ে পড়েছে। ভাঙাচোরা সড়ক দিয়ে হেলেদুলে চলছে যানবাহন। শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের মোসলেমগঞ্জ মোড়সংলগ্ন এলাকায় অন্তত ৫০ গজ জায়গাজুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে কাদাপানি জমা। কিছুদিন আগে ইট-খোয়া ফেলে গর্ত ভরাট করা হয়েছে। কিন্তু এতে দুর্ভোগ আরও বেড়েছে।
কিচক বাজারের হোমিও চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, প্রায় ছয় বছর ধরে সড়কের এই বেহাল অবস্থা। বর্ষাকালে কাদাপানিতে থই থই করে। এমনকি শুকনো মৌসুমেও পানি জমে থাকে।
কিচক বাজার থেকে বাঁশের সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশের কিচক পেট্রলপাম্পের সামনে, বলরামপুর শাহ সুলতান হিমাগারের সামনে, সাধুরিয়াসহ বিভিন্ন স্থানে ইট খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কালাই উপজেলার বাঁশের সেতু থেকে পাঁচশিরা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের সড়ক এবড়োখেবড়ো।
অন্যদিকে বাঁশের সেতু থেকে জয়পুরহাট পর্যন্ত ২৩ কিলোমিটার অংশ সম্প্রতি জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়েছে। পুরো সড়ক সংস্কার না করে ভাঙা অংশগুলো ঢালাই করা হয়েছে। এতে সড়ক উঁচু–নিচু হয়ে যাওয়ায় চলাচলে আরও সমস্যা হচ্ছে।
বাসচালক বগুড়ার খোকন মিয়া বলেন, ভাঙাচোরা সড়কে চাকা খাদে পড়লে বাসের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। কিছুদিন আগে জয়পুরহাট যাওয়ার পথে কালাইয়ের পুনট এলাকায় তাঁর বাস দুর্ঘটনার কবলে পড়ে।
সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে যাওয়ায় দফায় দফায় সংস্কার করেও কোনো কাজ হচ্ছে না। এখন সড়কটি প্রস্থে ১৮ ফুট থেকে ২৪ ফুট করার একটি প্রকল্পের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে।
সওজ জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার সাহা বলেন, সড়কটি যখন নির্মাণ করা হয় তখন এর এত বেশি গুরুত্ব ছিল না। সড়কটি পণ্যবাহী যানবাহন চলাচলের উপযোগী করে নতুনভাবে নির্মাণ করার জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।