ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা : ঢাকা-বরিশাল মহাসড়ক
খানাখন্দ, বাজার আর সংস্কারকাজ বিঘ্নিত করতে পারে ঈদযাত্রা
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল, ফরিদপুর ও মাদারীপুর জেলার ৯৪ কিলোমিটার সড়কের ৬৯ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ, চলমান সংস্কারকাজ এবং সড়কের পাশে গড়ে ওঠা অসংখ্য বাজারের কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এতে নির্বিঘ্ন ঈদযাত্রা নিয়ে যাত্রী-যান চালকেরা উদ্বিগ্ন। এই মহাসড়ক দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সংযুক্ত।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আওতায় বরিশাল থেকে ভুরঘাটা পর্যন্ত ৪৬ কিলোমিটার সড়ক ভালো। তবে এই অংশে ১৮টি স্থায়ী বাজার গড়ে উঠেছে। এগুলোর মধ্যে চৌমাথা, কাশিপুর, রেন্ট্রিতলা, গড়িয়ারপাড়, ছয়মাইল, সাতমাইল, রহমতপুর, জয়শ্রী, লাকুদিয়া, ইচলাদি, শানেওয়ার, বামরাইল, বাটাজোর, মাহিলারা, টরকি, বার্থি, গৌরনদী ও ভুরঘাটা বাজার অন্যতম। বাজারের সঙ্গে গড়ে উঠেছে বাস, রিকশা, অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ড। এতে প্রতিনিয়ত এসব স্থানে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
আর মহাসড়কের ভুরঘাটা থেকে মাদারীপুর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪৮ কিলোমিটার অংশের ২৩ কিলোমিটারের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের সাড়ে পাঁচ মাসে সড়কের এই অংশে দুর্ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।
মহাসড়কের বরিশাল সওজের আওতায় ৪৬ কিলোমিটার সড়কে বেশ কয়েকটি স্থানে সড়ক সম্প্রসারণ ও সংস্কারকাজ চলছে। বরিশাল নগরের সাগরদী এলাকার পৌনে এক কিলোমিটার, মাহিলারা থেকে গৌরনদী আসার পথে চার-পাঁচটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাহিলারা এ এন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের অংশে সড়ক সম্প্রসারণ ও সংস্কারের জন্য খোঁড়ায় সরু পথ দিয়ে যান চলাচল করায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
বাসচালক সুমন মিয়া বলেন, ঈদের আগে এমন সংস্কারকাজ করানোয় মারাত্মক ভোগান্তি হচ্ছে। ঈদের আগে কাজ শেষ না হলে ভোগান্তির সীমা থাকবে না।
মাদারীপুরের ভুরঘাটা থেকে টেকেরহাট পর্যন্ত ২৩ কিলোমিটার সড়কের অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় বড় একটি গর্ত। এর কয়েক কিলোমিটার দূরে টেকেরহাটের ছাগলছিড়া সেতুর কাছে সড়কের একটি অংশ ধসে গেছে। মাদারীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী তানিনুল হক বলেন, ভাঙ্গা থেকে ভুরঘাটা পর্যন্ত ৪৮ কিলোমিটার সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ও সড়ক সংস্কারের কাজ চলছে। ঈদের আগে কাজ শেষ হবে।
গৌরনদীর টরকি বন্দরের লাখেরা-কসবা সেতু থেকে নীলখোল সেতু পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার সড়কের দুই পাশে কয়েক শ স্থাপনা। বাজারে প্রবেশের মুখে বাসস্ট্যান্ডে অসংখ্য রিকশা, ভ্যান, ব্যাটারিচালিত যান দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে দূরপাল্লার বাসগুলোকে সেখানে আটকে থাকতে হচ্ছে।
সওজের বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কে এইচ গোলাম মোস্তফা গতকাল বলেন, বরিশাল সওজের আওতায় থাকা অংশের সমস্যার সংস্কার চলছে। বৃষ্টিতে কাজে কিছুটা ব্যাঘাত হচ্ছে। তবে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব সংস্কারকাজ শেষ করার। তাঁরা আশা করছেন, ঈদে যাত্রীরা ভোগান্তি ছাড়াই চলাচল করতে পারবে। সড়কের পাশে বাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমাদের দেশের একটা নেতিবাচক প্রবণতা যে নতুন সড়ক হলেই তা ঘিরে বাজার, বাড়ি, স্থাপনা নির্মাণ করে সড়কের গলা চেপে ধরা হয়। তারপরও সড়কের পাশে আমাদের যেসব জমি অবৈধ দখলে আছে, সেসব জমি উদ্ধারে নিয়মিত অভিযান চলে। এখন ব্যক্তিমালিকানার জমিতে কেউ দোকান বা স্থাপনা করলে তো আর আমরা বাধা দিতে পারি না।’