
মৌলভীবাজারের শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে বড় গর্তগুলোয় যানবাহনের চাকা আটকে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। ২১ কিলোমিটার দীর্ঘ এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এক দশকের বেশি সময় আগে বড় একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কার করা হয়েছিল। ছয় বছর আগে ২১ কিলোমিটার সড়কের দুপাশে প্রশস্ত করা হয়। এ ছাড়া জরুরি ভিত্তিতে প্রায় প্রতিবছরই ছোটখাটো সংস্কারকাজ করা হয়।
সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার চৌমুহনা থেকে কমলগঞ্জ পৌরসভা এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড়ি এলাকার অবস্থা খুবই নাজুক। সড়কের এ অংশে অসংখ্য গর্ত। তাতে বৃষ্টির পানি জমে আছে। বড় গর্তগুলো এড়াতে যানবাহনগুলো এঁকেবেঁকে ধীরগতিতে চলছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পানি থাকায় অনেক চালক বুঝতে না পেরে গর্তের ভেতর দিয়েই গাড়ি চালিয়ে দেন। তখন প্রচণ্ড ঝাঁকুনি লাগে। সব সময় মনে হয় এখনই দুর্ঘটনা ঘটবে। যন্ত্রাংশ নষ্ট হয়ে অনেক যানবাহন বিকল হয়ে যায়। বেহাল সড়কে যাতায়াতেও দ্বিগুণ সময় লাগছে।পর্যটনের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
এ ছাড়া লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সাত কিলোমিটার এলাকায় সড়কের অনেক স্থান ভেঙে গেছে। দ্রুত সংস্কার করা না হলে টিলা থেকে নেমে আসা পানির স্রোতে সড়ক ভেঙে নালার সৃষ্টি হবে।
শমশেরনগর-কমলগঞ্জ-শ্রীমঙ্গলপথের বাসচালক আলী আজম, মাইক্রোবাসচালক মোস্তফা মিয়া ও অটোরিকশাচালক মনির হোসেন বলেন, চার-পাঁচ মাসে এ সড়কের দুই শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। শতাধিক স্থানে সড়কের পাশে ভেঙে গেছে। এ পথ এখন স্বাভাবিকভাবে যানবাহন চলাচলের উপযোগী নয়। তারপরও জীবিকার তাগিদে রাস্তায় নামতে হচ্ছে। আগে ২১ কিলোমিটার যেতে সময় লাগত আধা ঘণ্টা। আর এখন সময় লাগছে এক ঘণ্টার বেশি।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালিক বলেন, সড়ক বেহাল হওয়ায় শ্রীমঙ্গল পাইকারি বাজার থেকে মালামাল পরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তারপরও চিন্তায় থাকতে হয় মালামাল নিয়ে কখন যেন ট্রাক সড়কের গর্তে আটকে পড়ে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এভাবে টানা ও ভারী বৃষ্টি আর আগে কখনো হয়নি। এটি প্রাকৃতিক দুর্যোগ। সড়কটির উন্নয়নের বিষয়ে সওজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগাদা দেওয়া হয়েছে।
সওজের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, ‘কয়েক মাস ধরে ভারী বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, জরুরি ভিত্তিতে তহবিল পাওয়া যাবে এবং ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো সংস্কার করা সম্ভব হবে।’