খানাখন্দে উল্টে গেল পাথরবোঝাই ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পৌর শহরের বানিয়াবাজার-ডাকপাড়া সড়কের খানাখন্দে পড়ে গতকাল সকালে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ডাকপাড়া এলাকা থেকে দুপুরে তোলা ছবি l প্রথম আলো
জামালপুর পৌর শহরের বানিয়াবাজার-ডাকপাড়া সড়কের খানাখন্দে পড়ে গতকাল সকালে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে যায়। ডাকপাড়া এলাকা থেকে দুপুরে তোলা ছবি l প্রথম আলো

জামালপুর পৌর শহরের বানিয়াবাজার-ডাকপাড়া সড়কের খানাখন্দে পড়ে গতকাল রোববার সকালে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়।
দীর্ঘদিন ধরে এ সড়কের এক কিলোমিটার অংশে খানাখন্দের কারণে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকার কয়েকজন বলেন, এ সড়কে জামালপুর-শেরপুর সেতু দিয়ে দুই জেলাবাসীর নিত্যদিনের আসা-যাওয়া। প্রতিদিন এ সড়কে শতাধিক ভারী যানবাহন চলাচল করে। সড়কের মাত্র এক কিলোমিটার অংশে এসেই বিড়ম্বনায় পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। গতকাল সকালে শেরপুর থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি গর্তে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হন।
জামালপুর পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১১ সালে ওই সড়কের সংস্কার (কার্পেটিং) করা হয়। বর্তমানে সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ যেভাবে ভেঙে গেছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে তাতে সংস্কার নয়, নতুন করে সড়কের উন্নয়ন করতে হবে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, এক কিলোমিটার সড়কের প্রায় ২০টি স্থানে হাঁটুসমান গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমে আছে। ডাকপাড়া এলাকায় শিক্ষক গোলাম সরোয়ারের বাড়ির সামনে পাথরবোঝাই ট্রাকটি উল্টে পড়ে আছে।
শিক্ষক গোলাম সরোয়ার বলেন, বৃষ্টি হলে বানিয়াবাজার থেকে প্রায় আধা কিলোমিটার সড়কে হাঁটুপানি জমে থাকে। ফলে যানবাহন তো দূরের কথা, পথচারীদের হেঁটে চলার উপায় থাকে না। এক বছর ধরে সড়ক মেরামত ও সড়কের দুই পাশে নালা (ড্রেনেজ) করার জন্য ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামিমা বেগমসহ বিভিন্ন নেতার কাছে ঘুরেও কোনো লাভ হয়নি। কাউন্সিলর শামিমা বেগম বলেন, ‘সড়ক সংস্কারের বিষয়ে আমার কিছু করার নেই। তবে পৌর মেয়রকে জানানো হয়েছে।’
জামালপুর পৌরসভার মেয়র শাহ্ ওয়ারেছ আলী বলেন, আপাতত যানবাহন চলাচলের জন্য কিছু বড় গর্তের মধ্যে ইট-বালু ফেলে ভরাট করার ব্যবস্থা করা হবে। সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সংস্কার করা হলেও আবার আগের মতো হয়ে যায়। তাই দুই পাশে পাকা নালা নির্মাণের পরিকল্পনা চলছে।