খানাখন্দে চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পিচ ঢালাই ও ইটের খোয়া উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী আন্তজেলা সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়।
নওগাঁর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও এলাকাবাসী সূত্র জানায়, সড়কটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা, নাচোল ও গোমস্তাপুর উপজেলা হয়ে নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। সাপাহার থেকে নাচোল উপজেলা পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার। এই রাস্তাটি সর্বশেষ সংস্কার করা হয় ২০০৯ সালে।
গত শুক্রবার সাপাহার থেকে নিয়ামতপুর উপজেলার ধানসুরা মোড় পর্যন্ত সড়কটির প্রায় ৪০ কিলোমিটার ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়কটির বিভিন্ন জায়গায় পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তার পুরো কার্পেটিং উঠে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। পোরশার সারাইগাছী থেকে নিয়ামতপুর উপজেলার টগরইল, ঘুঘুডাঙ্গা, ধানসুরা হয়ে ওই উপজেলার আড্ডা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। এই অবস্থার মধ্যে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে চিকিৎসা নিতে যাওয়া নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার রোগীরা চরম বিপাকে পড়ছেন।
পোরশার সারাইগাছী বাজারে সলিম উদ্দিন, ময়নুল ইসলাম, জাকির হোসেনসহ ছয়-সাতজন বলেন, রাস্তাটা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এবড়োখেবড়ো হয়ে আছে। কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই।
সাপাহার-রাজশাহী বিআরটিসি বাসের চালক জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরও ঝুঁকি নিয়েই তিনি বাস চালাচ্ছেন। এতে করে মাঝে মাঝেই সড়কের মধ্যে সৃষ্ট গর্তে গাড়ি আটকে যায়। গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যাত্রাপথেই বাস বিকল হয়ে পড়ে। যাত্রীরা তখন চরম বিপাকে পড়েন।
সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক জাকির হোসেন, রফিকুল আলম ও আবু বক্কর জানান, রাস্তায় খানাখন্দ সৃষ্টি হয়ে এতটাই ঝুঁকিপূর্ণ হয়েছে যে তাঁরা এখন রোগী নিয়ে নজিপুর-মহাদেবপুর হয়ে রাজশাহী যান। এতে সময় বেশি লাগলেও রোগীদের অসুবিধা হয় না। কিন্তু জরুরি রোগী হলে সময়টা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়।
এ ব্যাপারে নওগাঁর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল আলিম খান বলেন, রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চলতি বছরেই দরপত্র আহ্বান করার চেষ্টা চালানো হবে। আপাতত গাড়ির চাকা যাতে ঘোরে, সে জন্য ভাঙা ইট ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এই কাজ শুরু হয়ে যাবে।