খানাখন্দে পানি জমায় যানজট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের ৪৮ কিলোমিটার সড়কের কমবেশি সব জায়গার বিটুমিন উঠে গেছে। সড়কটির বেশির ভাগ স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্ত এমন বড় যে প্রতিদিনই ওই স্থানে গাড়ি নষ্ট হয়ে সৃষ্টি হচ্ছে যানজট।
এ যানজট নিরসনে হাইওয়ে পুলিশকে হিমশিম খেতে হয়। যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। কবে নাগাদ সংস্কার হবে তা বলতে পারছে না সড়ক ও জনপদ বিভাগ (সওজ)৷
কর্তৃপক্ষ বলছে, সড়কের এ ধরনের সংস্কার সম্প্রসারিত চার লেনের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো করার থাকলেও তা তারা করছে না৷
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রায় প্রতিটি স্থানেই ছোট-বড় খানাখন্দ রয়েছে। বিশেষ করে কুমিরা থেকে নগরের সিটি গেট পর্যন্ত খানাখন্দের পরিমাণ বেশি। এই স্থানে দূরপাল্লার গাড়িসহ সব ধরনের গাড়িকে ধীরগতিতে চলতে হয়। যার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমজান মাস শুরুর আগে সড়কটির সংস্কার না করলে সড়ক যোগাযোগব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।
কুমিরা এলাকার বাসিন্দা সাইফুল মাহমুদ হারুন বলেন, ‘এটি কি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক? নাকি গ্রাম্য সড়ক। সড়কটির ওপরের অবস্থা দেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো মনে হচ্ছে না। রমজানের আগে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।’
ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের চালক ফরিদ উদ্দীন বলেন, শুধু সীতাকুণ্ড অংশেই সড়কের অবস্থা খারাপ। প্রতিদিন এ অংশে যানজট থাকবে ধরে নিয়ে অন্তত তিন থেকে চার ঘণ্টা হাতে নিয়ে যাত্রা শুরু করতে হয়৷
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের উভয় দিকে প্রতি মিনিটে ৬১টি গাড়ি চলাচল করছে। গুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল অবস্থায় যানজট সৃষ্টি হলে পুলিশকে হিমশিম খেতে হয়। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সড়ক সংস্কারের বিষয়টি বেশ কয়েকবার জানানো হয়েছে৷ বিষয়টি নিয়ে প্রকল্প ব্যবস্থাপকের সঙ্গে আজও (গতকাল) কথা হয়েছে৷ বৃষ্টি বন্ধ হলে সংস্কারকাজ শুরু করবেন বলে আশ্বাস দেন তিনি৷’
চট্টগ্রাম জেলা ট্রাফিক পরিদর্শক (টিআই উত্তর) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, খানাখন্দের কারণে গাড়ি ধীরগতিতে চলছে। এ কারণে মহাসড়কে গাড়ি নষ্ট হয়ে যানজট সৃষ্টি করছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের সীতাকুণ্ড অংশের প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মহাসড়কের খারাপ অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনের কোম্পানি সিনো হাইড্রো তাদের চুক্তির শর্তানুসারে সংস্কারকাজ করছে না৷ সংস্কারের বিষয়টি নিয়ে গতকালও তিনি তাদের কাছে গিয়েছেন। কিন্তু তারা কিছু বলছে না। কবে নাগাদ মহাসড়কটি সংস্কার করা হবে, তা তিনি নিশ্চিত করতে পারেননি।