খানাখন্দে বৃষ্টির পানি যাত্রী ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক বেহালের কারণে দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। ছবিটি সড়কের মিরপুর এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক বেহালের কারণে দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। ছবিটি সড়কের মিরপুর এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

স্থানে স্থানে পিচ উঠে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত। বেহাল হয়ে পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ সড়কে নিত্যদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, উপজেলা সদর থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলা হয়ে সিলেট সদরে যাতায়াত করতে হয়। কিন্তু উপজেলার প্রধান সড়কটি গত তিন বছর সংস্কার করা হয়নি। স্থানে স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে গর্ত অনেক বড় হয়েছে। তাতে বৃষ্টির পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ পথে সিলেটে যেতে-আসতে যাত্রীদের ভোগান্তির সীমা থাকে না।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর সদর থেকে সিলেটের বিশ্বনাথ পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। ২০১২-২০১৩ অর্থবছরে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করা হয়েছিল। জগন্নাথপুর উপজেলায় জনসংখ্যা প্রায় দেড় লাখ। এ ছাড়া পাশের সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ও জগদল ইউনিয়নের মানুষও সিলেটে যাতায়াত করতে এই সড়ক ব্যবহার করে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবদুস সোবহান উচ্চবিদ্যালয়ের সামনে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের কোনো কোনো অংশে পিচ উঠে ইট-পাথরের খোয়া বেরিয়ে এসেছে। গর্তে বৃষ্টির পানি জমে আছে। শুধু যানবাহন নয়, পথচারীদের চলাফেরায়ও অসুবিধা হচ্ছে। প্রায় একই দৃশ্য দেখা যায় সড়কের বাউরকাপন, মিরপুর, নাসিরপুর, ইকরছই, আমরাতইল, কলিয়ারপাড়া এলাকায়।
হবিবপুর এলাকার বাসিন্দা আবদুল মনাফ বলেন, ‘আমাদের এলাকায় সড়কের অবস্থা খুবই খারাপ, কিন্তু সংস্কার করা হচ্ছে না।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের দোকানি আবু বক্কর বলেন, ‘আমরা সড়কের কাজের জন্য বারবার দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’
মিরপুর গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বলেন, ‘এই সড়কের সিলেট অংশে প্রতিবছর সংস্কার করা হয়, কিন্তু আমাদের এখানে কাজ হয় না। আর কাজ হলেও ছয় মাস ঠেকে না। আমাদের দুর্ভোগ বাড়তেই থাকে।’ এই সড়কের মাইক্রোবাসচালক রহিবুল ইসলাম বলেন, ‘ভাঙাচোরা সড়কের কারণে আধা ঘণ্টার পথ যেতে এক ঘণ্টা লাগে। ঝাঁকুনি তো আছেই। কোনো স্থানে গাড়ি আটকে যায়। দুর্ঘটনার আশঙ্কা তাড়া করে।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সড়কটি সংস্কারের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেছেন, এ বছর অতিবৃষ্টি ও বন্যায় সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। সড়কের জগন্নাথপুর অংশ সংস্কারের জন্য ২ কোটি ৮০ লাখ টাকার একটি
প্রকল্প নেওয়া হয়েছে। দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন হলেই কাজ শুরু হবে।