দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরা পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কটি যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে ছোট ছোট কিছু যানবাহন চললেও সরাসরি বড় পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে।জানা গেছে, পাথরঘাটা থেকে মঠবাড়িয়া পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের পাথরঘাটা অংশের ২০ কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। দীর্ঘদিন ধরে এই অংশটুকু যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে আছে। ঢাকা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, খুলনা, সাতক্ষীরাসহ দেশের অন্যান্য স্থানে চলাচলকারী বিভিন্ন যানবাহন প্রায়ই রাস্তায় আটকে পড়ে। এ কারণে ইতিমধ্যে পাথরঘাটা-বরিশাল সরাসরি বিআরটিসির বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া অন্যান্য রুটে সরাসরি চলাচলকারী বাসগুলো এখন মঠবাড়িয়া এসে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর মালামাল নিয়ে যাত্রীদের মোটরসাইকেল অথবা টেম্পোতে করে ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাথরঘাটায় যেতে হয়।বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পাথরঘাটা বাসস্ট্যান্ড থেকে মুন্সিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় ইটের খোয়া সরে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় টেম্পো ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের যাত্রীদের প্রতিনিয়ত কাদাজলে ভিজে যাতায়াত করতে হচ্ছে। এ ছাড়া বটতলা থেকে সিঅ্যান্ডবি বাজার পর্যন্ত রাস্তার অবস্থা এতই খারাপ যে এখান দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। রাস্তার এই অংশের খোয়া ও পাথর উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।পাথরঘাটার বাসযাত্রী হুমায়ুন কবির খান বলেন, ‘বাসে উঠলে জানে পানি থাকে না। মঠবাড়িয়া পর্যন্ত যেতে দোয়া-দরুদ পড়তে হয়।’ জ্ঞানপাড়া এলাকার বাসযাত্রী রিনা বেগম জানান, এই রুটে বাসে উঠলে ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক হিরু বলেন, ‘এমন কোনো দিন নেই যে এই রাস্তায় দুই-একটা দুর্ঘটনা না ঘটে। তবু প্যাডের টানে মোটরসাইকেল চালাই।’সড়ক ও জনপথ বিভাগের বরগুনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর খান বলেন, ‘এ রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী, এটা ঠিক। রাস্তাটি সংস্কারের জন্য ঢাকা থেকে দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে আমরা এখনো কোনো কাগজপত্র পাইনি।’