খানাখন্দে ভরা চট্টগ্রাম-হাটহাজারী সড়ক, ভোগান্তিতে ৩ জেলার মানুষ
‘এটা কি রাস্তা! নাকি খানাখন্দ! গাড়ি যখন গর্ত এড়িয়ে চলে, তখন থাকি দুর্ঘটনার আশঙ্কায়। আর গর্ত দিয়ে চললে সহ্য করতে হয় প্রচণ্ড ঝাঁকুনি। প্রতিদিন এ যন্ত্রণা আর ভালো লাগে না। কিন্তু জীবিকার তাগিদে এভাবেই যাতায়াত করতে হয়।’ চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের অক্সিজেন এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট অংশের বর্ণনা দিতে গিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন এ পথের নিয়মিত যাত্রী অনিল কুমার পাল।একইভাবে ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়কের ১২ কিলোমিটারজুড়ে বেহাল অবস্থা। সংস্কারের কোনো উদ্যোগ নেই। অথচ এই পথেই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসতে হয়। এই সড়কে নিয়মিত যাতায়াত করতে করতে অসুস্থ হয়ে পড়েছি।’ তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।জানা যায়, দেশের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর চট্টগ্রামের চারটি উপজেলা, পার্বত্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সঙ্গে নগরের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে হাটহাজারী মহাসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন অন্তত অর্ধ লাখ লোক যাতায়াত করে।সরেজমিনে ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে এই সড়কের ১২ কিলোমিটার অংশে ১১ স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ আর ছোটবড় গর্ত। আবার কোথাও কোথাও মাটি দেবে গেছে। সম্প্রতি টানা বর্ষণে এ অবস্থা আরও ভয়ানক রূপ নিয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাত্র ২০ মিনিটের পথ পাড়ি দিতে গিয়ে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা।সড়ক ও জনপথ বিভাগের (সওজ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং হাটহাজারী সড়ক চার লেনকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বিধান চন্দ্র ধর প্রথম আলোকে বলেন, ‘বর্ষা শেষে সড়কের সংস্কারকাজ পূর্ণোদ্যমে শুরু হবে। তখন সড়কের ওপর বিটুমিনের প্রলেপ দেওয়া হবে।’সরেজমিনে দেখা যায়, হাটহাজারী সড়কের অক্সিজেন এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট অংশে অক্সিজেন, জারুয়ার দীঘির পাড়, কুলগাঁও, বালুচরা, আমান বাজার, বড়দীঘির পাড়, চৌধুরীহাট, ফতেয়াবাদ, নন্দীর হাট, মদন হাট এবং বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, গাড়িচালকেরা এসব গর্ত এড়িয়ে গাড়ি চালানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করেন। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করেন যাত্রীরা। দেখা যায়, এ সড়কের অনেক জায়গায় ফুটপাতের অস্তিত্ব নেই। অনেক জায়গায় ফুটপাতকে ব্যবহার করা হচ্ছে গাড়ি পার্কিংয়ের এলাকা হিসেবে। দোকানিরা পসরা সাজিয়েছেন ফুটপাতেই।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি: এই সড়ক সংস্কারের দাবিতে গত মঙ্গলবার সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির চিঠিতে উল্লেখ করা হয়, সড়কপথে ক্যাম্পাসে যাতায়াতের একমাত্র মাধ্যম হাটহাজারী সড়ক। কিন্তু সড়কের অক্সিজেন-হাটহাজারী অংশ এখন হাজারো খানাখন্দে ভরা।সামনেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এ সড়ক দিয়ে লাখ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক যাতায়াত করবেন। তাই দ্রুত এ সড়ক সংস্কার করা প্রয়োজন।