খানাখন্দে ভরা ঢাকা-দোহার সড়ক যেন মরণফাঁদ!
ঢাকা-দোহার মহাসড়কের স্থানে স্থানে গর্ত আর খানাখন্দ যেন এ অঞ্চলের মানুষের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সাত বছরে কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা এ রাস্তার সংস্কারকাজ করেন। এরপর এই সড়কের আর কোনো সংস্কার হয়নি। ফলে দীর্ঘ সময়ে রাস্তাটির এই দশা হয়েছে।স্থানীয় লোকজন জানান, এই সড়কে যাত্রীবাহী পরিবহনগুলো গর্ত আর খানাখন্দের ওপর দিয়ে চলাচল করায় তাঁদের মধ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা জাগে। এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তাঁদের অভিযোগ। তবে সওজের মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, রাস্তাটির সংস্কারকাজ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। তিনি তহবিল সংকটের কথা উল্লেখ করেন। জয়পাড়ার বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী মো. আবুল কালাম অভিযোগ করে বলেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষ পরিবহন মালিক ও শ্রমিকদের অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার কারণে দুর্ভোগ পোহাচ্ছে। এর সঙ্গে এখন যোগ হয়েছে রাস্তার দুরবস্থা।সরেজমিনে দোহার উপজেলার নারিশা, মেঘুলা, দোহার বাজার, জয়পাড়া থানার মোড়, লটাখোলা, বাঁশতলা, চরকুশাই, কার্তিকপুর, সুন্দরীপাড়া, শিলাকোঠা, বাহ্রাঘাট, ফুলতলা এলাকায় গেলে সাধারণ মানুষ ভাঙাচোরা রাস্তা নিয়ে তাদের ক্ষোভের কথা বলেন। বিলকিছ নামে এক বাসযাত্রী অভিযোগ করে বলেন, তাঁর কোমরের ব্যথা। কয়েক দিন পরপর চিকিৎসার জন্য ঢাকায় যেতে হয়। গাড়ির ঝাঁকুনির ফলে তিনি দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তার এ অবস্থার কথা মনে হলে তাঁর আর ঢাকায় যেতে ইচ্ছা করে না।বাসশ্রমিক আবদুল কাদের বলেন, বাহ্রাঘাট থেকে ঢাকা যেতে শ্রীনগরের মাওয়া মহাসড়কে পৌঁছাতে ৪০ কিলোমিটার অতিক্রম করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ রাস্তাটি সংস্কার করে জনগণের মুক্তি দাবি করেন তিনি।ভ্যানগাড়ির চালক আবিদ হোসেনের ভাষ্য, ‘কষ্ট বেশি ভাড়া কম, লোকজনের মালামাল বহন করি; হেই আগের মতোই ভাড়া দেয়। বেশি চাইলে দিতে চায় না, কী করুম ভাঙা রাস্তা দিয়া গাড়ি ঠেলতে ঠেলতে সময় বেশি লাইগা যায়। আমাগো কষ্ট দেগব কেড়া।’ সরেজমিনে দেখা যায়, সড়কের জয়পাড়া এলাকায় বড় একাধিক গর্ত। পানি জমে আছে গর্তগুলোতে। গর্ত এড়িয়ে বাস চলার উপায় নেই, কারণ গর্তগুলো বড়সড়। একই চিত্র দেখা যাবে দোহার বাজার এলাকায়। ভাঙা সড়কে পানি জমে যানজটে আটকে পড়ে রিকশা, অটোরিকশা, বাসের বিতিকিচ্ছির অবস্থা।সার্বিক বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ দত্ত প্রথম আলোকে বলেন, মুন্সিগঞ্জের শ্রীনগর বাইপাস সড়ক থেকে দোহারের শেষ প্রান্ত বাহ্রাঘাট পর্যন্ত রাস্তার অবস্থা খুবই শোচনীয়। সওজ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।