খানাখন্দে ভরা, তিন উপজেলার পথচারীদের দুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর থেকে পোরশা উপজেলার প্রধান সড়কের প্রায় ৩০ কিলোমিটার রাস্তার বহু স্থানে অসংখ্য খানাখন্দ ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় পোরশা, সাপাহার ও মহাদেবপুর উপজেলার প্রায় তিন লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলাকাবাসী সূত্র জানায়, মহাদেবপুর থেকে পোরশা পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কটি সওজের আওতাধীন। এর মধ্যে খাজুরমোড় থেকে পোরশা পর্যন্ত ৩৭ কিলোমিটার রাস্তা প্রশস্ত ৫ দশমিক ৫ মিটার। আর মহাদেবপুর থেকে খাজুরমোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা ১০ মিটার প্রশস্ত। সর্বশেষ ২০০৪ সালে মহাদেবপুর থেকে সারাইগাছী পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। আর সারাইগাছী থেকে পোরশা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা সংস্কার করা হয় ২০১০ সালে। প্রায় ১১ বছর ধরে মহাদেবপুর থেকে সারাইগাছী পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত রোববার মহাদেবপুর থেকে পোরশার শিশা বাজার পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার রাস্তা ঘুরে দেখা গেছে, মহাদেবপুরের কুঞ্জবন মোড় থেকে খাজুরমোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইট-খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে গেছে। খাজুরমোড় থেকে ছায়তনতলী বাজার পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা তুলনামূলক একটু ভালো। তারপরেও অনেক স্থানে রাস্তার কার্পেটিং ও ইট-খোয়া উঠে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। ছায়তনতলী বাজার মোড় থেকে পোরশা পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তার সবচেয়ে করুণ অবস্থা। এই ১৭ কিলোমিটার রাস্তার প্রায় পুরোটারই কার্পেটিং উঠে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। বেশির ভাগ জায়গায় ইট-খোয়া উঠে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দুই ধারের মাটি সরে রাস্তার কাঁচা অংশ নিচু হয়ে যাওয়ায় বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়েছে।
পোরশার শিশা বাজারে আফজাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘কাজের খাতিরে সপ্তাহে পাঁচ দিন আমাকে মোটরসাইকেল নিয়ে মহাদেবপুর যেতে হয়। রাস্তার অবস্থা এতই খারাপ যে ফাঁকা রাস্তাতেই মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটারের বেশি ওঠাতে পারি না।’
মহাদেবপুরের মাছ চত্বরে মাইক্রোবাসস্ট্যান্ডে চালক রবিউল ইসলাম, আবদুল জব্বার ও রফিকুল ইসলাম বলেন, গাড়ির ইঞ্জিন-পার্টস নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওই রাস্তা দিয়ে মাইক্রোবাসের চালকেরা যেতেই চান না। সুস্থ মানুষ গাড়িতে করে গেলে নাড়িভুঁড়ি ব্যথা হয়ে যায়। আর রোগীদের অবস্থা তো আরও খারাপ। এই রাস্তাটা সংস্কার খুবই জরুরি।
নওগাঁ সওজ উপবিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল আলিম খান বলেন, মহাদেবপুর-পোরশা সড়কের ছায়তনতলী থেকে সারাইগাছী পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য দুই মাস আগে দরপত্র আহ্বান ও ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। কিন্তু মাঝখানে বর্ষা শুরু হওয়ায় কাজ শুরু করা যায়নি। এই রাস্তাটি সংস্কারের জন্য ছয় কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি ১৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্যও শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।