খানাখন্দে ভরা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি খানাখন্দে ভরা। এতে যান চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
এলাকাবাসীর অনেকে জানান, ওই সড়কটি মাত্র ২০ কিলোমিটার দীর্ঘ। এ সড়কের বিভিন্ন স্থানে কয়েক দিনের বৃষ্টির পানি জমে এক থেকে দেড় ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে হাঁটুসমান পানি জমে থাকে। এ ছাড়া সড়কের বেশির ভাগ জায়গা কাদামাটি ও খানাখন্দে ভরা। এমনকি সড়কের প্রশস্ততাও কম। এসব কারণে বাড়ছে দুর্ঘটনাও। এ ছাড়া এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগে। এতে যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি নানা দুর্ভোগেরও শিকার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ওই সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে গিয়ে কাদামাটি ও খানাখন্দে ভরে গেছে। সড়কটির প্রশস্ততা এত কম যে একটি গাড়িকে অন্য একটি গাড়ির পাশ কাটাতে গেলে একটিকে দাঁড়িয়ে থাকতে হয়। এমনকি অনেক সময় একটি গাড়িকে পেছনে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকতে হয়।
এই সড়ক দিয়ে চলাচলকারী কালিয়াকৈর ডিগ্রি কলেজের ছাত্র মাহমুদুর রহমান জানান, কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়ক উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। তিনি বাড়ি থেকেই কলেজে যান। কিন্তু সড়কটির কার্পেটিং উঠে গিয়ে বেহাল অবস্থা হওয়ায় কলেজে যেতে অনেক সময় লাগে। তাঁর সঙ্গে থাকা একই কলেজের ছাত্র কাঁচিঘাটা এলাকার মোতালেব মিয়া ও সাইফুর রহমানও একই কথা জানান।
নাবিরবহর গ্রামের বাসিন্দা শাহিন মিয়া বলেন, ‘জরুরি একটি প্রয়োজনে ফুলবাড়িয়া থেকে কালিয়াকৈর যাওয়ার জন্য একটি বাসে উঠি। কিন্তু বাসটি উপজেলার শিমুলিয়া সাইনবোর্ড এলাকায় পৌঁছার পর বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে আটকে যায়। পরে সেখানে প্রায় দেড় ঘণ্টা দুর্ভোগে থাকতে হয়।’
বাসচালক সেলিম হোসেন জানান, বৃষ্টির পানি জমে সড়কটির বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ও খানাখন্দে ভরে গেছে, কোথাও ভালো নেই বললেই চলে। বিভিন্ন জায়গায় গাড়ি আটকে যায় এবং বিকল হয়ে পড়ে। রাস্তাটি ভালো থাকলে কালিয়াকৈর থেকে ফুলবাড়িয়ায় যেতে ২০-২৫ মিনিট সময় লাগত। কিন্তু এই রাস্তা যেতে এখন সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
কালিয়াকৈর পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান জানান, সড়কটি মেরামত করা না হলে যেকোনো সময় বাস চলাচল বন্ধ করে দিতে হবে।
ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ এলাকার বেশির ভাগ বাসিন্দা মূলত কৃষির ওপর নির্ভরশীল। এলাকার শত শত কৃষক তাঁদের উৎপাদিত পণ্য প্রতিদিন কালিয়াকৈর বাজারসহ বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করেন। রাস্তাটি খারাপ হওয়ায় তাঁদের পণ্য নিয়ে বাজারে যেতে ব্যাপক সমস্যা হচ্ছে। এতে তাঁদের পণ্যের ব্যয় বেড়ে যাচ্ছে। তাই রাস্তাটি দ্রুত মেরামত করার দাবি জানাচ্ছি।’
গাজীপুর সড়ক ও জনপথের (সওজ) উপসহকারী প্রকৌশলী আমির হোসেন জানান, সড়কটি খুব শিগগির মেরামতের কাজ শুরু হবে।