বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা-সাধুবাড়ী সড়কটি খানাখন্দে ভরা। গত দুই দিনের সামান্য বৃষ্টিতে খানাখন্দগুলো পানিতে ভরে যাওয়ায় ৩০টি গ্রামের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
ভ্যানচালক সাইফুল ইসলাম বলেন, ‘সড়কডা দিয়া গাড়ি নিয়া কষ্ট কইরা চলতে হয়। সড়কের গর্তে গাড়ি পইড়া অনেকবার ভেঙে গেছে।আবার ধারদেনা কইরা গাড়িটা ঠিক করান লাগে। বৃষ্টি হওয়ায় অবস্থা আরও খারাপ হয়েছে।’ একই ধরনের কথা বলেন রিকশাচালক নূরুল ইসলামসহ কয়েকজন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কের আটটি স্থানে ৫০ থেকে ১০০ ফুট স্থানজুড়ে ছোট-বড় একাধিক গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে রয়েছে। কয়েকটি স্থানে সড়কের পিচ উঠে ইট-পাথর ছড়িয়ে পড়েছে। এর মধ্য দিয়েই থেমে থেমে যানবাহন চলছে। পথচারীরাও চলতে গিয়ে অসুবিধা পোহাচ্ছেন।
স্থানীয়রা জানান, উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর ও বিশালপুর ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ এটি। কৃষকেরা তাদের উৎপাদিত কৃষিপণ্য এ পথ দিয়ে বাজারে নেন।
চাকরিজীবী স্বাধীন খান বলেন, বৃষ্টি হলেই ছেলে-মেয়েদের স্কুলে আনা-নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। অনেক সময় সড়কের নোংরা পানিতে পড়ে গেলে সেদিন স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যায়। খন্দকারটোলার সড়কের পাশে চায়ের দোকানদার মো. দুলাল বলেন, বৃষ্টি হলেই সড়কের নোংরা পানি ঢুকে পড়ে দোকানে। এ সময় বিক্রিও কমে যায়। পরিবার নিয়ে কষ্ট করে জীবন-যাপন করতে হয়।
স্থানীয় শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, এলজিইডি কার্যালয়ে একাধিকবার সংস্কারের আবেদন করা হয়েছে। কিন্তু তাঁদের আশ্বাসের পরও কোনো কাজ হয়নি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।