খানাখন্দে ভরা নগরের দুই সড়ক, চলাচলে ভোগান্তি
খানাখন্দে ভরা আখালিয়া-কুমারগাঁও সড়কে চলাচলে দুর্ভোগ বেড়েছে। সড়কের কমপক্ষে এক কিলোমিটার এলাকায় উঁচু-নিচু গর্ত বিপজ্জনক হয়ে পড়েছে। এতে আগের চেয়ে অনেক বেশি সময় ব্যয় হচ্ছে এ পথে চলাচলকারী যাত্রীদের। প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এ সড়কে চলতে গিয়ে। দুই বছর ধরে এমন অবস্থা চলছে।
সরেজমিনে দেখা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের শুরুর অংশই হচ্ছে সিলেট নগরের আখালিয়া থেকে কুমারগাঁও পর্যন্ত এলাকা। আখালিয়া এলাকার পর থেকেই স্থানে স্থানে শুরু হয়েছে ভাঙাচোরা। পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে সেসব গর্তে পানি জমে থাকে। কুমারগাঁও পর্যন্ত অন্তত আটটি স্থানে এ ভাঙাচোরা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সড়কের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতেখার আহমদ বলেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে আসার সময় দুর্ভোগ সহ্য করতে হয়। ভাঙাচোরার কারণে সড়ক দিয়ে যানবাহন ধীরগতিতে চলা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। কারণ, চালকদের অসাবধানতায় একটু এদিক-সেদিক হলেই যানবাহনের চাকা পাংচার হয়ে পড়ছে।
সিলেট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া-কুমারগাঁও অংশের সংস্কারকাজ শুরু হয়েছে। সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় সংস্কারকাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তবে বৃষ্টি থেমে গেলে দ্রুত কাজ শেষ করা হবে।
এদিকে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় রয়েছে নগরের সাগরদিঘিরপার-মীরের ময়দান সড়কও। এক কিলোমিটার দূরত্বের ওই সড়কে স্থানে স্থানে পিচ উঠে একাধিক গর্ত তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কয়েক বছর ধরে সড়কটি এমন বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। সড়কের এমন করুণ অবস্থায় যানচালক ও যাত্রী উভয়েরই দুর্ভোগ বেড়েছে। সাগরদিঘিরপারের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সড়কটি দিয়ে যাতায়াতে এখন নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। যানবাহনের ঝাঁকুনিতে সুস্থ ব্যক্তিরাও অসুস্থ হয়ে যায়।’
সাগরদিঘিরপার-মীরের ময়দান সড়ক দেখভাল করার দায়িত্ব সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের।