খানাখন্দে ভরা পুরোনো দিনাজপুর সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সঙ্গে জয়পুরহাট শহরের যোগাযোগ রক্ষাকারী বগুড়া-ইটাখোলা-ক্ষেতলাল-জয়পুরহাট সড়কটি (ব্রিটিশ আমলের পুরোনো দিনাজপুর সড়ক) সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কটির বগুড়া অংশে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক শ যানবাহন।ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরের বারপুর মোড়সংলগ্ন স্থান থেকে সড়কটির শুরু। বারপুর মোড় থেকে জয়পুরহাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। এর মধ্যে বারপুর মোড় থেকে কালাই উপজেলার চরবাখড়া নুনগোলা সেতুর দক্ষিণ প্রান্ত পর্যন্ত বগুড়া জেলা সীমানায় সড়কটির প্রায় ৩৫ কিলোমিটার অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। আর সেতুর পূর্ব প্রান্ত থেকে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের। সরেজমিনে দেখা গেছে, সড়কটির বগুড়া জেলা সীমানার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মরাকাটা কুঁকরুল বন্দরসংলগ্ন স্থানে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পিচ-খোয়া উঠে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। ঘোড়াধাপ বন্দরসংলগ্ন সড়কের দেড় কিলোমিটার অংশের অবস্থা খুবই খারাপ। এ ছাড়া বুড়িগঞ্জ থেকে পীরব বাজার হয়ে জেলা সীমানার শেষ অংশ পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত শোচনীয়। পীরব বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, একসময় এই সড়ক দিয়ে বগুড়া-জয়পুরহাট পথে সরাসরি বাস চলত। সড়কটির বেহাল অবস্থার কারণে এখন সরাসরি বাস চলে না। কিছুদূর পর পর বাস বদল করতে হয়। বুড়িগঞ্জ বন্দরের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এই সড়কটিকে ঘিরেই এই এলাকায় বেশ কয়েকটি বন্দর, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কলকারখানা গড়ে ওঠে। অথচ সড়কটি বর্তমানে অবহেলিত। কালাই উপজেলার মোলামগাড়ি বন্দরের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের অতিরিক্ত ২০-৩০ কিলোমিটার পথ ঘুরে বগুড়ায় যাতায়াত করতে হয়। বাসচালক শহীদুল ইসলাম বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে বছরের বেশির ভাগ সময়ই বগুড়া-পীরব, বগুড়া-মোলামগাড়ি পথে বাস চলাচল বন্ধ রাখতে হয়। সড়কটি সংস্কারের উদ্যোগ না থাকায় বগুড়া-মোলামগাড়ি রুটের বাস চলে অতিরিক্ত পথ ঘুরে মহাস্থান ও শিবগঞ্জ হয়ে। সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পুরোনো দিনাজপুর সড়কের বেশ কিছু অংশে সংস্কারকাজ শুরু করা হয়েছে। আরও কিছু খারাপ অংশ সংস্কারের জন্য প্রক্রিয়া চলছে। আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে সড়কটি মেরামতের কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।