খানাখন্দে ভরা পোস্তগোলার এমসি সড়ক

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাজধানীর পোস্তগোলার এমসি সড়কে খানাখন্দ এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। গর্তে আটকে পড়ছে যানবাহন, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন পুরান ঢাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অবহেলার কারণেই দীর্ঘদিন ধরে ৫৪ নম্বর ওয়ার্ডের এই সড়ক সংস্কার করা হচ্ছে না। এ ছাড়া শুকনো মৌসুমে সড়কের ধুলাবালির কারণে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা।
ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদ প্রথম আলোকে বলেন, গত সোমবার সড়ক সংস্কারের উদ্বোধন করেছেন তিনি। দু-এক দিনের মধ্যেই কাজ শুরু হবে।
সরেজমিনে দেখা যায়, শ্যামপুরের করিমুল্লাবাগের নগর স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে পোস্তগোলা গোলচত্বর পর্যন্ত এমসি সড়কে (প্রায় অর্ধকিলোমিটার) খানাখন্দ তৈরি হয়েছে। সড়কের আজিজিয়া মার্কেটের সামনে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এই গর্তে গত বুধবার দুপুর ১২টার দিকে আটকে পড়ে একটি মালবাহী ট্রাক (ফেনী-১১-০২০৮)। এতে সড়কে লেগে যায় তীব্র যানজট। প্রায় তিন ঘণ্টা পর গর্ত থেকে ট্রাকটি তোলা হয়।
ট্রাকচালকের সহকারী মো. এরশাদ বলেন, ‘রাতে মাল নিয়ে চট্টগ্রাম থেকে রওনা হইছি। কিন্তু এহানে আসার পর কাদা মাটিতে চাকা দেবে গেছে।’
এ ছাড়া এই এলাকায় গর্তের কারণে আসন থেকে নেমে রিকশা ও ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন চালকেরা। কয়েকজন যাত্রীকে রিকশা থেকে নেমে হেঁটেও যেতে দেখা গেছে। সড়কের ধুলাবালির কারণে কয়েক স্তর ময়লার আবরণ পড়ে আছে আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটের ওপর।
আজিজিয়া মার্কেট এলাকার রুহুল আমিন স্টোরের মালিক রুহুল আমিন বলেন, বৃষ্টি হলে সড়কের গর্তে যানবাহন বেশি আটকে যায়। গতকাল রাতে একই স্থানে আরও দুটি ট্রাক আটকে ছিল। এ ছাড়া শুকনো মৌসুমের সময় বাতাসের ঝাপটায় সড়কের ধুলাবালি উড়ে এলাকা ধুলোয় ভরে যায়।
আহনাফ ট্রেডার্সের মালিক মো. আক্তার হোসেন বলেন, তিন থেকে চার বছর ধরে সড়কটির বেহাল অবস্থা। ফলে প্রতিদিনই সড়কে ট্রাক, রিকশা ও ভ্যান আটকে যায়। দোকানে মালামাল আনা-নেওয়ায় সমস্যা হয়।
সদরঘাট-পোস্তগোলা সেতু বা গোলচত্বরে যাওয়ার প্রধান পথ হলো এমসি সড়ক। এ ছাড়া শ্যামবাজার, ফরাশগঞ্জ, বেড়িবাঁধ সড়ক, সূত্রাপুর, পূর্ব জুরাইন ও গেন্ডারিয়াসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার সঙ্গে এমসি সড়কের সংযোগ রয়েছে। এই সড়কে প্রধান যানবাহন হলো লেগুনা ও রিকশা।
রিকশাচালক মো. মজিবর বলেন, ‘এই রোডে রিকশা নিয়া আইলে নিজেরই ডর লাগে। কহন যে উল্টে গর্তে পড়ে যায়। তাই সিট থেকে নাইম্যা রিকশা টানতাছি।’
পোস্তগোলার স্থানীয় বাসিন্দা আজগর আলী বলেন, সাত থেকে আট বছর ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না। ফলে বৃষ্টি হলে সড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। গত বছর একটি ট্রাক উল্টে রিকশার ওপর পড়লে এক যাত্রী মারা যান। এ ছাড়া সড়কের ধুলাবালির কারণে আশপাশের বাসাবাড়ির দরজা-জানালা সারা দিনই বন্ধ রাখতে হয়।