খানাখন্দে ভরা বগুড়া শহরের সড়কগুলো
বগুড়া শহরের ১৪০ কিলোমিটার অভ্যন্তরীণ সড়কের বেশির ভাগ স্থানেই খানাখন্দের সৃষ্টি হয়েছে। বগুড়া শহরের সঙ্গে সংযুক্ত এসব সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সংশ্লিষ্ট এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বগুড়া পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে পৌরসভায় অভ্যন্তরীণ সড়কগুলোর মোট দৈর্ঘ্য ৪২৯ কিলেমিটার। এর মধ্যে ১৪০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪০ কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন থেকে সংস্কার না করায় অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়কের বেশ কয়েকটির অবস্থা অত্যন্ত শোচনীয়। শহরের নুরানীমোড়-হাকিরমোড়-উপশহর সড়ক, দত্তবাড়ি-নারুলী সড়ক, নারুলী জিরো পয়েন্ট-চন্দনবাইশা সড়ক, চেলোপাড়া-বাইপাস-চন্দনবাইশা সড়ক এবং জহুরুলনগর-বিশ্বরোড সড়কের অবস্থা সবচেয়ে খারাপ। ভাঙাচোরা এসব সড়কে যাতায়াত করতে গিয়ে এলাকাবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের সান্তাহার সড়ক সংলগ্ন পুরোনো ট্যানারি সড়কের কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে শহরের নুরানীমোড়-হাকিরমোড়-উপশহর সড়কটি সংস্কার করেনি পৌরসভা কর্তৃপক্ষ। সড়কের কার্পেটিং ও ইটখোয়া উঠে গভীর গর্ত আর খানাখন্দকের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টিতেই এ সড়কে হাঁটুপানি জমে। তখন রিকশাচালকেরা চলাচল করতে চায় না। স্থানীয় মুদি দোকানি তোফাজ্জল হোসেন বলেন, ‘ক্যা বারে; এ রাস্তার কি বাপ-মাও নাই! আজ ১০ বছর ধরে এ রকম দেকিচ্চি। বর্ষাকালত রাস্তার ওপর এক হাঁটুপানি জমে। দোকান খোলা যায় না।’ শহরের চেলোপাড়া থেকে দ্বিতীয় বাইপাস সড়কের (চন্দনবাইশা) সড়কের অবস্থা আরও বেহাল। এ সড়কের কৈপাড়া বাজার অংশ যান চলাচলের জন্য পুরোপুরি অনুপযোগী। রিকশাচালক নুর ইসলাম বলেন, ‘ইংকা আস্তাত খ্যাপ লিয়ে যাওয়া যায়? আস্তাত খালি পানি আর কাদা। রিকশা চালানো যায় না। যাত্রী নামে দিয়ে রিকশা পার করতে হয়। একটু এদিক-ওদিক হলে রিকশা উল্টে যাত্রীর হাত-পা ভাঙে।’ পৌরসভার রাস্তাঘাটের বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, বগুড়া শহরকে যানজট মুক্ত করতে ২০০৫ সালে নট্রামস-কারমাইকেল সড়ক হয়ে উপশহর সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ট্যানারি সড়কের স্থানীয় এক বাসিন্দা আদালতে মামলা করায় উদ্যোগটি ভেস্তে যায়। এখন তারা চাইলে সড়কটি সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হবে। আর দত্তবাড়ি-নারুলী সড়কটিও খুব সরু। এ সড়ক দিয়ে প্রচুর ট্রাক চলে। এটিও সম্প্রসারণ করা দরকার। ২০০৭ সালে একবার সড়কটি সংস্কার করা হয়েছিল। আর চেলোপাড়া-চন্দনবাইশা সড়কটির কিছু অংশ সংস্কারের জন্য এরই মধ্যে ২৯ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।