খানাখন্দে ভরা বরিশালের গুরুত্বপূর্ণ সড়কগুলো
বরিশাল নগরের সদর রোডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো। চরম দুর্ভোগ পোহাতে হলেও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে নগরবাসীর অভিযোগ।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, সড়ক সংস্কারে সারা বছরই কাজ করে সিটি করপোরেশন। তবে বর্ষার সময় সড়কগুলোতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। ইতিমধ্যে খোয়া দিয়ে গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, আলেকান্দা এলাকায় বিটুমিন দিয়ে সংস্কারকাজ শুরুও হয়েছিল। কিন্তু বৃষ্টিতে বিটুমিন উঠে যাচ্ছে, তাই বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত সংস্কারকাজ বন্ধ রাখা হয়েছে। আবার গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হবে।
সরেজমিনে দেখা গেছে, সদর রোড, ফকিরবাড়ি রোড, কালীবাড়ি রোড, মল্লিক রোড, পুলিশ লাইন রোড, ফজলুল হক অ্যাভিনিউ, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অসংখ্য খানাখন্দ। বৃষ্টি হলে এসব সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। কোনো কোনো সড়কে বিটুমিন উঠে গিয়ে খাদের সৃষ্টি হয়েছে। ঈদের আগে গর্ত ভরাটে খোয়া বিছানো হলেও কয়েক দিনের বৃষ্টিতে তা উঠে গিয়ে আরও খারাপ হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যান।
নগরবাসীর অভিযোগ, দেড় বছরেরও বেশি সময় ধরে নগরের সড়কগুলো খারাপ হতে থাকে। শুরুর দিকে সামান্য সংস্কার করলে সড়কগুলোর এমন ক্ষতি হতো না। কিন্তু কর্তৃপক্ষ সড়ক সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আবার কিছু সড়ক সংস্কারে নিম্নমানের কাজ হওয়ায় কয়েক মাসের মধ্যে সেগুলো আরও খারাপ হয়ে গেছে।
ফকিরবাড়ি সড়কের বাসিন্দা শওকত হোসেন বলেন, পাঁচ মাস আগে এই সড়ক সংস্কার হয়েছে। কিন্তু এরই মধ্যে সড়কের অধিকাংশ স্থানের বিটুমিন উঠে গেছে। ফুটপাত না থাকায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা আন্দোলন কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, পরিকল্পিতভাবে সড়কগুলো সংস্কার হয় না। সংস্কারের নামে অনেক সময় শুধু গর্ত ভরাট করে অর্থ অপচয় করা হয়। কাজের কাজ কিছুই হয় না। সিটি করপোরেশনের অব্যবস্থাপনার কারণেই সড়কগুলোর এই অবস্থা দাঁড়িয়েছে।
সদর রোডের বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, সদর রোড বরিশালের গুরুত্বপূর্ণ সড়কের একটি। দীর্ঘদিন সড়কটি সংস্কার হচ্ছে না। কয়েক দিন আগে গর্ত ভরাটের জন্য ইটের খোয়া দিয়েছিল। বৃষ্টিতে ওই খোয়া উঠে গিয়ে এখন আরও দুর্ভোগ বাড়ছে।
যোগাযোগ করলে বরিশাল সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মোতালেব হাওলাদার দাবি করেন, নিম্নমানের কাজ নয়, বৃষ্টির পানিতে কিছু সড়কের বিটুমিন উঠে গেছে। সড়কগুলো সংস্কার করা হবে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নূরুল ইসলাম বলেন, বর্ষার কারণে অধিকাংশ সড়ক খারাপ হয়ে গেছে। সড়কগুলো সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। আপাতত সড়কের গর্তগুলো খোয়া দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হবে। বর্ষা মৌসুম শেষ হলে বিটুমিনের কাজ শুরু হবে।