খানাখন্দে ভরা বিরামপুরের অধিকাংশ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌরসভার প্রায় সবগুলো পাকা সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব খানাখন্দে পানি জমি থাকে। আর গ্রীষ্মে ধুলা ও বালু ওড়ে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে এ উপজেলার বাসিন্দারা ভোগান্তি পোহান। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কগুলোর এ দুরবস্থা হয়েছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিরামপুর উপজেলা কার্যালয় ও বিরামপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের অধীনে পাকা সড়ক ৭২ কিলোমিটার এবং পৌরসভার পাকা সড়ক প্রায় ৩৮ কিলোমিটার। প্রায় ১০-১৫ বছর আগে এসব সড়ক নির্মাণ করা হয়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কার্পেটিং উঠে গিয়ে উপজেলার বিরামপুর-কাটলা, টেগরা-একর হয়ে বিনাইল, হাবিবপুর-কেটরা হয়ে আয়ড়া মোড়, জোলাগাড়ি-বেপারিটোলা, পলাশবাড়ি-দিওড়, বেলডাঙ্গা-ভগবতিপুর, টাটাকপুর-শ্রীপুর এবং জয়নগর-রেললাইন সড়কে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক সড়কের দুই পাশের মাটি সরে গেছে। অপরদিকে পৌর শহরের থানা থেকে পল্লবী মোড়, প্রস্তমপুর থেকে মামুদপুর, নতুন বাজারের চাউলহাটি থেকে পাইলট স্কুল, হাসপাতাল থেকে কৃষ্টচাঁদপুর পর্যন্ত রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌর মেয়র আজাদুল ইসলাম জানান, বিরামপুর পৌরসভার যে আয় হয়, তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাই হয় না। সরকার বা বিদেশি সংস্থার বড় সাহায্য ছাড়া এসব সড়ক সংস্কার করা সম্ভব নয়।