খানাখন্দে ভরা মহাখালী এলাকার রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাখালী এলাকার অনেক রাস্তাই এমন ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। ছবিটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে তোলা l প্রথম আলো
মহাখালী এলাকার অনেক রাস্তাই এমন ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। ছবিটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির সামনে থেকে তোলা l প্রথম আলো

কোথাও বড় বড় গর্তে পানি জমে আছে। ঘোলা পানিতে ডানে-বাঁয়ে কাত হয়ে চলছে রিকশা-গাড়ি। আবার কোথাও খানাখন্দে ভরা শুকনো রাস্তা ধুলায় ভরা। নাকে কাপড় চেপে পার হচ্ছে পথচারীরা। রাস্তাটি মহাখালী এলাকায়।
মহাখালীর সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পোয়ার্ড চিলড্রেন (সাহিক) থেকে সোজা সংক্রামক ব্যাধি হাসপাতাল পর্যন্ত এবং ডান দিকে দক্ষিণপাড়া থেকে নিকেতন বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এই রাস্তা জায়গায় জায়গায় ভাঙা। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তা মেরামত হয়নি।
গত সোমবার গিয়ে দেখা যায়, সাহিকের সামনে থেকে রাস্তায় ছোট ছোট গর্ত। ধুলা উড়িয়ে চলছে রিকশা-গাড়ি। আবার একটু সামনে গেলেই ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ফটকের সামনে খানাখন্দগুলো কাদা-পানিতে ভরা। দক্ষিণপাড়া থেকে নিকেতনমুখী সরু রাস্তাটির প্রায় পুরোটাই ভাঙা। ধুলায় ভরা। কোথাও কোথাও জমে আছে কাদা।
মহাখালীর এক সরকারি দপ্তরের কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বললেন, এই এলাকার রাস্তাঘাট দেখে বোঝার উপায় নেই, এটি রাজধানীর কোনো রাস্তা। শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদায় চলাচল করা দুর্বিষহ হয়ে পড়ে। হাসপাতাল এলাকার রাস্তা হিসেবে এখানে কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া উচিত। দক্ষিণপাড়ার অধিবাসী ইদরিস আলী বলেন, পাঁচ বছর ধরে এই এলাকার রাস্তার কোনো উন্নয়ন হয়নি।
মহাখালী এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর অধীন। রাস্তার বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী
(অঞ্চল-৩) খন্দকার মাহবুব আলম বলেন, দক্ষিণপাড়ার কিছু অংশ বাদে ওই এলাকার বেশির ভাগ রাস্তাই স্বাস্থ্য বিভাগের সম্পত্তি। রাস্তা নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। রাস্তা বুঝে পেলে তারা সেখানে কাজ করবেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, রাস্তার দ্রুত সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিই) সঙ্গে কথা চলছে।