ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ৫১ কিলোমিটার অংশের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ও টঙ্গী-সিলেট বাইপাস ভায়া পাঁচদোনা সড়কের ঘোড়াশাল থেকে পাঁচদোনা ১০ কিলোমিটার সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ যাত্রাপথে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।
সরেজমিনে গতকাল রোববার দুপুরে মহাসড়কের অংশে বিভিন্ন বাসস্ট্যান্ডের চত্বরগুলোতে ছোট-বড় অনেক গর্ত দেখা গেছে। এর মধ্যে ইটাখোলা বাসস্ট্যান্ড চত্বর, সাহেপ্রতাব বাসস্ট্যান্ডের মাক্কু চত্বর ও পাঁচদোনা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের অবস্থা খুবই নাজুক।
এ ছাড়া টঙ্গী-সিলেট ভায়া পাঁচদোনা সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। এর মধ্যে পাঁচদোনা নগর এলাকা, ভাটপাড়ার হযরত আমানত শাহ স্পিনিং মিলস লিমিটেডের সামনে, ভাটপাড়া বাসস্ট্যান্ড এবং এর সামনে প্রায় ১০০ মিটার এগোলেই চোখে পড়ে বড় ধরনের অনেক গর্ত। এ ছাড়া ঘোড়াশাল রেলক্রসিংয়ের সামনে ২০০ গজ ও ঘোড়াশাল বাসস্ট্যান্ড এলাকায় দেড় শ গজ সড়কের পিচ পুরোপুরি উঠে গেছে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
ঘোড়াশাল বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী বকুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘রমজানের মধ্যে এমনিতেই ব্যবসা ভালো না। এর ওপর ধুলা-বালু এসে পড়ে। বসার কোনো উপায় নাই।’
এই সড়কের একাধিক যাত্রীবাহী বাসের চালক প্রথম আলোকে বলেন, ‘টঙ্গী থেকে পাঁচদোনা পর্যন্ত সড়কটি অনেক সরু। এমনিতেই খুব আস্তে আস্তে বাস চালাতে হয়। এর ওপর অসংখ্য গর্ত। গাড়ি চালাতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। ঝাঁকুনিতে যাত্রীদেরও জান বেরিয়ে যাওয়ার জোগাড়।’
সদর উপজেলার নগর পাঁচদোনা এলাকায় সড়ক সংস্কারের তদারকি করছেন নরসিংদী সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. হোসেন মাসুদ সরকার। তিনি বলেন, ‘যোগাযোগমন্ত্রীর নির্দেশের পর সারা দেশের মতো নরসিংদীতেও সওজের অধীনে সড়কগুলো সংস্কারকাজ শুরু হয়েছে। এই সংস্কার খাতে কোনো সরকারি বরাদ্দ না পাওয়ায় আমরা স্থানীয় ঠিকাদারদের সহযোগিতায় ও নিজেদের তহবিলের অর্থ দিয়ে আপাতত চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।’