খানাখন্দে ভরা রাস্তা, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দ ও কাদাপানিতে বগুড়া শহরের গোহাইল সড়কে চলাচল দায় হয়ে পড়েছে। গতকাল খান্দার (সিঅ্যান্ডবি) এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
খানাখন্দ ও কাদাপানিতে বগুড়া শহরের গোহাইল সড়কে চলাচল দায় হয়ে পড়েছে। গতকাল খান্দার (সিঅ্যান্ডবি) এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

বগুড়া শহরের অধিকাংশ সড়কই এখন ক্ষতবিক্ষত, ভাঙাচোরা, খানাখন্দে ভরা। ফলে দুর্ভোগ-ভোগান্তিতে রয়েছেন পৌরসভার প্রায় সাত লাখ বাসিন্দা। এলাকাবাসী শহরের রাস্তাঘাটের এই দৈন্যদশার জন্য শাসকদলের অবহেলা আর জনপ্রতিনিধিদের ব্যর্থতাকেই দায়ী করছেন।
লন্ডনপ্রবাসী বগুড়ার মনির হাসান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। গত মঙ্গলবার সকালে রিকশায় চড়ে শৈশবের স্মৃতিঘেরা শহরের অলিগলি ঘুরে আধুনিক বহুতল ভবন দেখে যতটা না বিস্মিত হয়েছেন; শহরের ক্ষতবিক্ষত, ভাঙাচোরা ও বিপর্যস্ত রাস্তাঘাট দেখে তার চেয়ে বেশি হতাশ হয়েছেন। তিনি বলেন, ‘১০ বছর আগে বগুড়া শহরের রাস্তাঘাটের এমন বেহাল দশা ছিল না, ছিল চকচকে। তখন বেহাল ছিল শহরের দালানকোঠা। এখন চিত্রটা উল্টো। দালানকোঠা চকচকে। কিন্তু বেহাল শহরের অধিকাংশ রাস্তাঘাট।’
বগুড়া পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, পৌরসভায় ৩০টি প্রধান সড়কসহ পাড়া-মহল্লায় আরও ৭০টির মতো রাস্তা রয়েছে। ৬৯ দশমিক ৫৬ বর্গ কিলোমিটার এই পৌরসভায় ২৬৬ কিলোমিটার সড়ক পিচ ঢালাই, ১৩০ কিলোমিটার সিসি ও আরসিসি এবং ১৬২ কিলোমিটার ইট বিছানো সড়ক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সাতমাথা-ফুলতলা পর্যন্ত গোহাইল সড়কের অবস্থা খুবই খারাপ। নুরানী মোড়-নিশিন্দারা সড়কের প্রায় দুই কিলোমিটার অংশ কাদাজলে একাকার। সড়কের ইট, বালু, ঢালাই, বিটুমিন উঠে গেছে। বিভিন্ন স্থানে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া থানা মোড়-চেলোপাড়া, কালীতলা-করোনেশন স্কুল সড়ক, ধরমপুর-মাটিডালি, এলজিইডি-ফকির উদ্দিন স্কুল, সাতানীবাড়ি-আলতাফুন্নেছা খেলার মাঠ-জ্বলেশ্বরীতলা, সাতানীবাড়ি-আলতাফুন্নেছা খেলার মাঠ-সাতমাথা, মফিজ পাগলার মোড়-জোব্বার ক্লাব, ডিসি বাংলো-বকশিবাজার, চক সূত্রাপুর-শের এ বাংলা হল সড়ক, কামারগাড়ি-নূরানী মোড়, নূরানী মোড়-উপশহর সড়ক, নামাজগড়-বাদুরতলা, পার্ক রোড-কারমাইকেল সড়ক, ঈদগাহ মাঠ-কারমাইকেল সড়কের অবস্থাও বেহাল।
নূরানী মোড়-নিশিন্দারা সড়কের নিশিন্দারার চাকরিজীবী আবদুস সামাদ বলেন, এই সড়কে এখন রিকশা নিয়েও চলাচল করা যায় না।
সাতমাথা-ফুলতলা সড়কের স্থানীয় আট-নয়জন বাসিন্দা ও অটোরিকশাচালক বলেন, মাস দুয়েক আগে সাতমাথা-ফুলতলা সড়কটি সংস্কারের নামে খোঁড়াখুঁড়ি করা হয়। একপর্যায়ে ইট-পিচ ঢালাই তুলে কিছু দূর খোয়া বিছানোর পর এখন কাজই বন্ধ।
বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সাতমাথা-ফুলতলা পর্যন্ত গোহাইল সড়কটি জেলা পরিষদের হলেও এখন তা পৌরসভাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ শহর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) থেকে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কাজী এরফানুর রহমান কাজটি পেয়েছে।
অবশ্য বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমানের দাবি, ‘এ সড়কটি সংস্কারে বিএমডিএফকে অর্থসহায়তা করছে বিশ্বব্যাংক। বর্ষায় পিচ ঢালাইয়ের কাজ করলে মান ঠিক থাকবে না বলে বিশ্বব্যাংক সেপ্টেম্বর মাস পর্যন্ত সংস্কারকাজ বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে। এ কারণে ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শহরের বেশ কিছু সড়কের অবস্থা খুব খারাপ হলেও অর্থাভাবে এসব সড়ক সংস্কার করা যাচ্ছে না। এই পৌরসভা সরকারের উন্নয়ন-বঞ্চনার শিকার সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। রাজনৈতিক কারণেই এখন বগুড়া শহর উন্নয়নে সরকারি অর্থ বরাদ্দ মেলে না। তাই পৌরসভার ভরসা এখন বিএমডিএফ আর নিজস্ব তহবিল।’