
সংস্কারের অভাবে নওগাঁ মান্দা উপজেলার বৈদ্যপুর-বাগডোব সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ৪ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পথচারী ও গাড়ির যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা ও মহাদেবপুর উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, বৈদ্যপুর বাজার থেকে বাগডোব পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৭ কিলোমিটার। এর মধ্যে বৈদ্যপুর থেকে চক জামদই পর্যন্ত সড়কটির ৪ কিলোমিটার অংশ মান্দায় ও বাকি অংশ মহাদেবপুরে পড়েছে। এলজিইডির অর্থায়নে বৈদ্যপুর থেকে ভালাইন পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং করা হয় ১৯৯৮ সালে। ২০০২ সালে ওই সড়কের ভালাইন থেকে চক জামদই পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হয়। বৈদ্যপুর থেকে চক জামদই পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক সর্বশেষ সংস্কার করা হয় ২০১০ সালে। চক জামদই থেকে বাগডোব পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা এলজিইডির অর্থায়নে কার্পেটিং করা হয় ২০১৬ সালে।
এলাকার ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে থেকেই বৈদ্যপুর-বাগডোব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মান্দার ভালাইন, পরানাপুর ও মান্দা সদর ইউনিয়ন এবং মহাদেবপুরের চান্দাশ ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষের চলাচলের প্রধান সড়ক এটি। সর্বশেষ ছয়-সাত বছর আগে সড়কটি সংস্কার করা হয়। এরপর মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে ধীরগতিতে।
২ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, বৈদ্যপুর-বাগডোব সড়কের বৈদ্যপুর থেকে চক জামদই পর্যন্ত ৪ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় অটোরিকশাচালক বেলাল হোসেন বলেন, রাস্তায় অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষের নাভিশ্বাস ওঠে। অনেক সময় রিকশায় করে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও কাহিল হয়ে পড়ে।
ভ্যানচালক আবদুর রশিদ বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়। ২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে ৪০-৪৫ মিনিট।’
ভালাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম হোসেন বলেন, একদিকে ধুলাবালু, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা–পানি একাকার হয়ে যায়। সড়কটির কারণে এলাকাবাসী চরম বিপদে রয়েছে। কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে মান্দা ও মাহদেবপুর সদরে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে মান্দা এলজিইডি প্রকৌশলী মোরশেদুর হাসান প্রথম আলোকে বলেন, সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসেই সংস্কারের জন্য প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এই অর্থবছরেই সড়কটি সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।