খানাখন্দে ভরা রাস্তায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ামতপুর-সারাইগাছী সড়কের বেহাল দশা। ছবিটি গত বৃহস্পতিবার সাংশইল বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
নিয়ামতপুর-সারাইগাছী সড়কের বেহাল দশা। ছবিটি গত বৃহস্পতিবার সাংশইল বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর-সারাইগাছী সড়ক খানাখন্দে ভরা। কার্পেটিং ও ইট-খোয়া উঠে ছোট-বড় গর্ত ও ভাঙাচোরায় এই সড়কে হাঁটাও দায়। এতে প্রতিনিয়ত এ পথে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

গত বৃহস্পতিবার সড়কটি ঘুরে দেখা যায়, নিয়ামতপুর সদর থেকে পোরশা উপজেলার সারাইগাছী মোড় পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশই খানাখন্দে ভরা। রাস্তাটির অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অংসখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলছে যানবাহন।

এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, নিয়ামতপুর, পোরশা ও বিভাগীয় শহর রাজশাহীতে চলাচলে সড়কটির ওপর পোরশার নিতপুর, মর্শিদপুর ও গাঙ্গুর, নিয়ামতপুর সদর, হাজিনগর ও চন্দনগর ইউনিয়নের লাখো মানুষ নির্ভরশীল। এ ছাড়া সড়কটির বেহাল দশার কারণে নিয়ামতপুর সদর, টিএলবি, সাংশইল ও শিবপুর, পোরশার নিতপুর ও সারাইগাছী বাজারের কৃষিপণ্য বেচাকেনা করতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নিয়ামতপুরের পাঁচপুকুরিয়া গ্রামের বাসিন্দা বলরাম বর্মণ, জহুরুল ও নিতাই চন্দ্র বলেন, রাস্তাটি পাকা হওয়ার পর থেকে একবারও সংস্কার করা হইনি। সংস্কার না করায় ছয়-সাত বছর ধরে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। খান্দাখন্দে ভরে গেছে পুরো সড়ক। এ কারণে সড়ক দিয়ে হাঁটাও কষ্টকর।

অটোরিকশাচালক ছয়ফুল ইসলাম বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় ঘন ঘন অটোরিকশা নষ্ট হয়। এতে গাড়ি মেরামতের খরচ বেড়ে গেছে। অনেক সময় গাড়ি গর্তে পড়ে নষ্ট হয়ে যায়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক জহুরুল হক বলেন, ওই সড়কে যাতায়াত করলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘জেলা সমন্বয় সভায় রাস্তাটি সংস্কার করার কথা একাধিকবার উঠিয়েছি। স্থানীয় সাংসদকেও রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করেছি। কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার হচ্ছে না।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ২০০৫-০৬ অর্থবছরে নিয়ামতপুর সদর থেকে পোরশার সারাইগাছী পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক পাকা হয়। পরে ২০১৫ সালে এটি সওজ বিভাগের অধীনে আসে।

সওজের নওগাঁর নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, ‘২০১৫ সালে নওগাঁর তিনটি সড়ক (নিয়ামতপুর-সারাইগাছী, বদলগাছী-পাহাড়পুর ও রাণীনগর-আবাদপুকুর) এলজিইডি থেকে সওজের অধীনে দেওয়া হয়। সওজের অন্তর্ভুক্ত হওয়ার পর রাস্তা তিনটি সংস্কার ও প্রশস্ত করতে তিনটি প্রকল্প নেওয়া হয়। চলতি অর্থবছরে প্রকল্প তিনটি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্প অনুমোদন হলে নিয়ামতপুর-সারাইগাছীসহ সওজের অধীনে আসা নতুন তিনটি রাস্তার সংস্কারকাজ শুরু করা হবে।’