খানাখন্দে ভরা শহীদ ফারুক সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বেহাল দশা l ছবি: প্রথম আলো
দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বেহাল দশা l ছবি: প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক খানাখন্দে ভরে গেছে। এসব গর্তে কাদা-পানি জমছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় দুই বছর হলো সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ফলে বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে সয়লাব হয়ে যায়। ফুটপাতেও ছড়িয়ে থাকে কাদা। অথচ এটি চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চল থেকে ঢাকা শহরে ঢোকার অন্যতম প্রধান প্রবেশপথ। এলাকাটি ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
গত বছরের ১৭ অক্টোবর ‘যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক: এক চাকা বাঁচাতে তিন চাকা গর্তে’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে ডিএসসিসির ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘ওই সড়কটি সংস্কারে প্রায় এক মাস আগে দরপত্র চূড়ান্ত হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তাকে খুঁজে বের করে আগামী সপ্তাহের মধ্যে কাজ শুরু করা হবে।’
গত শনিবার সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে দয়াগঞ্জ বাজার পর্যন্ত শহীদ ফারুক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাতে বৃষ্টির পানি জমে আছে। পুরো সড়ক কাদা-পানিতে ডুবে আছে। গর্তে পড়ার আশঙ্কায় ধীরগতিতে চলছে যানবাহন। কয়েকটি জায়গায় আসন থেকে নেমে রিকশা ও ভ্যান টেনে নিয়ে যাচ্ছেন চালকেরা। বিকেল চারটায় যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের চাকা গর্তে পড়ে যায়। ভ্যান কাত হয়ে গেলে মালামাল পড়ে যায় কাদা-পানিতে। কোনো যানবাহন দ্রুতগতিতে চললে কাদা ছিটে পড়ছে পথচারীদের ওপর। সড়কের দুই পাশে ফুটপাতেও ময়লা-আবর্জনা ছড়িয়ে আছে। তা মাড়িয়েই চলাচল করছেন পথচারীরা। শহীদ ফারুক সড়কের বটতলায় উত্তর যাত্রাবাড়ীর স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন বলেন, বৃষ্টি হলে এই সড়ক ও ফুটপাতে কাদার জন্য হাঁটা যায় না। প্রায় প্রতিদিনই সড়কের বিভিন্ন স্থানে রিকশা ও ভ্যান উল্টে ঘটছে দুর্ঘটনা। আর শুষ্ক মৌসুমে বাতাসে ভরে যায় ধুলায়। এতে আশপাশের বাসাবাড়ির দরজা-জানালা সব সময়ই বন্ধ রাখতে হয়।
একই এলাকার সালমান স্টোরের মালিক রাইসুল আলম বলেন, এক মাস ধরে সড়কের সবচেয়ে বেশি খারাপ অবস্থা সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমে থাকে। শুকনো হলে সড়ক ধুলোবালুর কারণে দোকানে থাকা দায়। আশপাশের প্রায় সব দোকানি মাস্ক পরে দোকানে বসেন।
স্থানীয় বাসিন্দা ও ডিএসসিসি সূত্র জানায়, শহীদ ফারুক সড়ক দিয়ে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানবাহন চলাচল করে। তাই এই সড়কে যানবাহনের চাপও বেশি। কিন্তু সড়কটি সংস্কারে বাজেট দেওয়া হয় রাজধানীর অন্যান্য সড়কের মতোই। তাই সড়কটি সংস্কার করা হলেও বেশি দিন টেকসই হয় না। তা সংস্কারের কিছুদিন পর থেকেই বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়। এভাবেই পুরো সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় দুই বছর আগে এই সড়ক সংস্কার করা হয়েছিল।
শহীদ ফারুক সড়ক দিয়ে যাত্রাবাড়ী থেকে মিরপুর চলাচল করে শিখর পরিবহন। এই পরিবহনের চালক মো. মোস্তাকিম জানান, বিভাগীয় যানবাহনের পাশাপাশি এই সড়কে যাত্রাবাড়ী থেকে ঢাকার ভেতরে প্রায় ২০টি কোম্পানির বাস চলাচল করে। ফলে সারা দিনই এই সড়ক ব্যস্ত থাকে। কিন্তু সড়কে গর্তের কারণে চলাচলে কষ্ট হয়, গাড়ি হেলেদুলে। এ কারণে প্রতিদিনই গাড়ি পরিষ্কার করতে হয়। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।