খানাখন্দে ভরা শাহ্ কবির মাজার সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরার আজমপুর রেলওয়ে মার্কেট থেকে মাজার চৌরাস্তা ও বালুর মাঠ হয়ে মাদারবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত শাহ্ কবির মাজার সড়কের সাড়ে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো
উত্তরার আজমপুর রেলওয়ে মার্কেট থেকে মাজার চৌরাস্তা ও বালুর মাঠ হয়ে মাদারবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত শাহ্ কবির মাজার সড়কের সাড়ে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে l প্রথম আলো

সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। তাতে জমে আছে বৃষ্টির পানি। কাদা পানিতে একাকার পুরো রাস্তা। পথ চলতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসী ও যানচালকদের। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। এই অবস্থা উত্তরার উত্তরখানের শাহ্ কবির মাজার সড়কে।
এলাকাবাসী বলেন, রাস্তাটি নির্মাণের পর দুই বছর ধরে আর কোনো সংস্কার করা হয়নি। অনেকাংশ একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, আজমপুর রেলওয়ে মার্কেট থেকে মাজার চৌরাস্তা, বালুর মাঠ হয়ে মাদারবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত শাহ্ কবির মাজার সড়কের সাড়ে তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এই ঝুঁকিপূর্ণ রাস্তাতেই হেলেদুলে ট্রাক, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহন চলছে। সর্বোচ্চ ২০ মিনিট দূরত্বের এ রাস্তা যেতে সময় লাগছে ঘণ্টা খানেক।
উত্তরখান ইউনিয়নবাসীর প্রতিদিনের চলাচলের প্রধান এ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রচণ্ড দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত শনিবার দুপুরে বাবুল মিয়া তাঁর সিএনজিচালিত অটোরিকশায় অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে যাচ্ছিলেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, রাস্তায় খানাখন্দ থাকায় অটোরিকশায় স্থির হয়ে বসে থাকা যাচ্ছে না। এতে তাঁর অসুস্থ মায়ের অনেক কষ্ট হচ্ছে। অটোরিকশাটি এদিক-ওদিক দুলছে সারাক্ষণ, ঝাঁকুনিও হচ্ছে প্রচুর। চালক যত আস্তেই গাড়ি চালাক না কেন, কোনোমতেই এসব ঝাঁকুনি এড়ানো সম্ভব হচ্ছে না।
মাদারবাড়ি এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, রোগী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের নিয়ে যাতায়াতে বেশি কষ্ট হয়। বৃষ্টির পানি জমে কোথায় কোথায় গভীর গর্ত, তা বোঝার উপায় থাকে না। ফলে প্রায় প্রতিদিনই যানবাহন গর্তে পড়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।