খানাখন্দে ভরা সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়কের পিচ ও বিটুমিন উঠে ছোট-বড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে এসব খানাখন্দে। খানাখন্দে ভরপুর ওই সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগ পোহাচ্ছে আশপাশের ৫০টি গ্রামের মানুষ।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, সড়কটির পাঁচটি এলাকায় বাজার গড়ে উঠেছে। এসব বাজার এলাকা মূল সড়কের চেয়ে এক থেকে দেড় ফুট উঁচু। ওই সব এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিদিন পানি এসে জমছে সড়কের ওপর। এতে সড়কের বিটুমিন-ইট খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। সড়কের বিভিন্ন অংশে রয়েছে এরূপ অসংখ্য খানাখন্দ। সড়কের শেরপুর অংশের সড়কের দুই পাশে গড়ে উঠেছে অর্ধশতাধিক ছোট ও মাঝারি শিল্প-কারখানা। ওই সব কারখানা থেকেও কিছু পানি এসে জমছে মূল সড়কে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বগুড়া কার্যালয় সূত্র জানায়, শেরপুর-নন্দীগ্রাম সড়কের দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় সাড়ে সাত কিলোমিটার অংশের ইট ও খোয়া উঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম এলেই ভোগান্তি শুরু হয়। গত দুই বছরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সড়কটি সংস্কারে ব্যয় করেছে প্রায় ৮০ লাখ টাকা। সওজের বগুড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান জানান, বর্তমানে ওই সড়ক সংস্কারে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন।
সড়কটি ‘জেলা সড়ক’ নামে পরিচিত। ওই সড়ক দিয়ে নাটোর ও রাজশাহী জেলার সঙ্গে কম সময় ও অল্প ব্যয়ে সহজে যোগাযোগের একমাত্র পথ। বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, স্থায়ী উন্নয়নের জন্য সড়কটি জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। প্রকল্পটি এখন অনুমোদনের অপেক্ষায়। অনুমোদনের পরই সংস্কারকাজ শুরু করা হবে।
শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মতিউর রহমান বলেন, ওই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে ৩০০-৪০০ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শেরপুর হয়ে ওই সড়ক দিয়ে নাটোর ও রাজশাহী জেলার সঙ্গে সহজে যোগাযোগ করা যায়। এতে প্রায় ৫০ কিলোমিটারের সমান জ্বালানি সাশ্রয় হয়।
শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম জানান, ওই সড়কটির পুরোটা অংশ কুসুম্বী ইউনিয়নের মধ্যে। এ ছাড়া পাশের উপজেলার বিশালপুর ইউনিয়ন নিয়ে প্রায় ৫০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র পথ ওই সড়ক। কৃষকেরা কৃষিপণ্য পরিবহন করেন ওই সড়ক দিয়েই। কিন্তু সাত বছর ধরে সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
উপজেলার দুবলাগাড়ী ও চকপোতা এলাকার পাঁচজন ব্যক্তি বলেন, সড়কটি সংস্কারের জন্য তাঁরা গত বছর মানববন্ধন ও সড়কের কাদার মধ্যে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছিলেন। সংস্কারের দাবি জানিয়েছিলেন উপজেলা প্রশাসনের কাছেও। কিন্তু তাঁদের দাবি আজও পূরণ হয়নি।
সড়কের পাশে বাগড়া গ্রামের মো. মাফু বলেন, গত দুই বছরে মাত্র একবার সড়কের কিছু অংশ পাকা করা হয়েছিল। কিন্তু ওই পিচ দুই মাসও টেকেনি। আর গত বর্ষায় খানাখন্দের মধ্যে কিছু ইটের খোয়া ফেলা হয়েছে।
ট্রাকচালক জাহিদুল ইসলাম বলেন, পানিতে ভরে থাকায় ট্রাকের চাকা অনেক সময় সড়কের বড় গর্তে পড়ে যায়। দুবলাগাড়ী এলাকার আরিফুর রহমান জানান, সড়কের দুবলাগাড়ী ও চকপোতা এলাকার খানাখন্দে পড়ে প্রতিদিন কমপক্ষে আট-দশটি ছোট ধরনের গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে আহত হন গাড়ির যাত্রীরা।