
খুলনা নগরের খানজাহান আলী থানার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এলাকার প্রায় আট কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পিচ ও খোয়া উঠে মাটি বেরিয়ে পড়েছে, ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
স্থানীয় বাসিন্দারা জানান, বাদামতলা থেকে কেব্লঘাট, শিরোমনি থেকে গফফার ফুড ও গফফার ফুড থেকে কেব্লশিল্পের মোড় পর্যন্ত আট কিলোমিটার সড়কের দুপাশে রয়েছে বিসিক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) আবাসিক এলাকা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়সহ সরকারি-বেসরকারি স্কুল-কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিন বিসিকের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে মালামাল আনা-নেওয়া জন্য শতাধিক ট্রাক চলাচল করে। তা ছাড়া কেডিএ আবাসিক এলাকার বাসিন্দারা এই সড়কটি ধরে যাতায়াত করে। এই সড়ক দিয়ে ভৈরব নদ পার হয়ে দিঘলিয়া উপজেলার লোকজন প্রতিদিন যাতায়াত করে।
কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ১৯৬৩ সালে শিরোমনি এলাকায় কেডিএ ৫৭৫ একর জমির অধিগ্রহণ করে। এরপর ওই এলাকায় এ সড়কগুলো তৈরি করা হয়। এর পর থেকে আর এগুলো সংস্কার করা হয়নি। যেহেতু কেডিএর সড়ক সংস্কার করার কোনো সুযোগ নেই। তাই ২০০২ সালে ওই এলাকার ১৯ দশমিক ১২ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ করার জন্য ‘শিরোমনি শিল্প এলাকার প্রধান সড়ক পুনর্নির্মাণ’ প্রকল্পের আওতায় ২২ কোটি ১০ লাখ টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার অনুমোদন মেলেনি।
সরেজমিনে দেখা গেছে, সড়কটিতে পিচ ও খোয়ার কোনো অস্তিত্ব নেই। সড়কে ছোট-বড় অসংখ্য গর্তের তৈরি হয়েছে। ট্রাকগুলো চলাচল করতে গিয়ে গর্তের মধ্যে চাকা পড়ে আটকে যাচ্ছে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মহিউদ্দিন মল্লিক বলেন, ‘আমি এখানে সাড়ে পাঁচ বছর। তখন থেকেই রাস্তার এ অবস্থা দেখছি। আজও তার কোনো উন্নতি হলো না। রাস্তার এ অবস্থার কারণে কোম্পানির মালামাল আনা-নেওয়ায় খুব সমস্যা হয়। কিন্তু কর্তৃপক্ষ এখনও রাস্তাটি ঠিক করল না।’
স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘রাস্তা দিয়ে গাড়ি চলে আর আমাদের মুখে কাদা লাগে। জামা-কাপড় নষ্ট হয়। কয়েক দিন আগে তিনটি ট্রাক কাদায় আটকে যায়। তখন আমাদের ভোগান্তি চরমে পৌঁছে।’
ট্রাকচালক আবুল হোসেন জানান, এই রাস্তায় ট্রাক চালানো খুব কষ্টকর। দুদিন আগে গর্তে চাকা পড়ে একটি ট্রাক উল্টে যায়। অল্পের জন্য দুটি শিশু বেঁচে গেছে।
কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুল আলম খান বলেন, ‘কেডিএ প্রকল্প বাস্তবায়ন করে কেসিসির কাছে হস্তান্তর করে দেয়। কিন্তু এলাকাটি কেসিসির আওতার বাইরে থাকায় আমরা সেটা করতে পারিনি। তা ছাড়া কেডিএ কোনো সংস্কারকাজ করতে পারে না। সে কারণে সড়ক এভাবে পড়ে আছে। তার পরও জনস্বার্থে এটি পুনর্নির্মাণের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছি। আশা করছি, সেটির অনুমোদন মিলবে।’