খানাখন্দে ভরা সড়কই প্রধান সমস্যা

২০১৫ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সালাউদ্দিন আহমেদ ঢালী। তিনি গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: আপনার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল ওয়ার্ডের সব সড়ক সংস্কার করা। কিন্তু এখনো সব সড়ক খানাখন্দে ভরা।
কাউন্সিলর: ওয়ার্ডের প্রধান সমস্যা খানাখন্দে ভরা সড়ক। এসব সড়ক সংস্কারে কয়েকবার ডিএসসিসিতে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দরপত্র আহ্বান করেনি ডিএসসিসি। অথচ খানাখন্দের কারণে নাগরিকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে পর্যাপ্ত সড়কবাতি নেই কেন?
কাউন্সিলর: দীর্ঘদিন ধরে ওয়ার্ডের অধিকাংশ রাস্তায় সড়ক বাতি নেই। বাতির জন্য ডিএসসিসিতে কয়েকবার আবেদন করেছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। তবে শিগগিরই এলইডি বাতি লাগানোর আশ্বাস দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
প্রথম আলো: কলাবাগান শিশুপার্কটি চালুর বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: অনেক টাকা ব্যয়ে শিশুপার্কটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় পার্কটি চালু করা সম্ভব হয়নি। শিগগিরই রাইডগুলো সংস্কার করে পার্কটি চালু করা হবে।