
কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর ১৫ কিলোমিটার সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। শত শত খানাখন্দের ওপর দিয়ে এই সড়কে গাড়ি চলাচল করছে হেলেদুলে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা-দৌলতপুর সড়কের ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া থেকে দৌলতপুর থানার মোড় হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক রয়েছে।
২০০১ সালের পর ওই সড়কে বড় ধরনের কোনো কাজ হয়নি। কয়েক বছরের ব্যবধানে রক্ষণাবেক্ষণের ছোটখাটো কাজ হয়েছে।
এলাকার কয়েকজন জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক শ যানবাহন ও কয়েক হাজার যাত্রী চলাচল করে। এ ছাড়া মালবোঝাই ট্রাক চলে। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই সড়কে যানবাহন বিকল হয়ে পড়ে থাকে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।
দৌলতপুর কলেজের শিক্ষক সরকার আমিরুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ ভেড়ামারা-দৌলতপুর সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে।
এই সড়কে বাসে চলাচল করলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। তারপরও জীবনের তাগিদে চলাচল করতে হয়।
দৌলতপুর এলাকায় ছোট-বড় কাঁচামালের ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় ট্রাকে মালামাল পাঠান। কিন্তু সড়কের বেহাল থাকায় প্রায়ই তাদের ট্রাক বিকল হয়ে পড়ে। ট্রাকচালক আজবার আলী জানান, মালবোঝাই ট্রাক নষ্ট হলে সড়ক আটকে যায়। এতে মাল নামানো ও যান চলাচলে বিঘ্ন ঘটে।
দৌলতপুর এলাকার সমাজসেবক আজাদুর রহমান বলেন, জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে চাইলে পারে না। ১৫ কিলোমিটার পার হতেই রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। সময়ের পাশাপাশি ভোগান্তি পোহাতে হয়। গত দুই বছরে বেশ কয়েকবার এই সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সম্প্রতি সরেজমিন সড়কের ওই ১৫ কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে, ভেড়ামারার সাতবাড়িয়া কাজীহাটা, কল্যাণপুর, ধরমপুর, মহিষাডোরা, দৌলতপুরের আল্লারদরগা, কল্যাণপুর, জয়রামপুর, থানা মোড়, মণ্ডলপাড়া, স্বরূপপুর, উপজেলা পরিষদের সামনে শত শত খানাখন্দ। বেশির ভাগ স্থানে সড়কের পিচ উঠে ইটের খোয়া বের হয়ে গেছে।
কাজীহাটা এলাকায় সওজের কয়েকজন শ্রমিককে সড়ক মেরামত করতে দেখা গেল। তাঁরা ভাঙা জায়গায় ইট ও সামান্য কিছু বালু ফেলছেন।
দুজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কী করব, দুই দিন পরপর নষ্ট হচ্ছে। এ জন্য মাটি দেওয়া হচ্ছে। কিছু করার নাই। আর কত কাজ করব।’
সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল হায়দার বলেন, ভেড়ামারা-দৌলতপুর সড়কের ১৫ কিলোমিটারে কাজ করার জন্য ৬ কোটি ৭৯ লাখ টাকা অনুমোদন হয়েছে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে।