>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
ফরিদপুরের মধুখালী পৌরসভার সড়কগুলোর অবস্থা নাজুক। এ কারণে পৌরসভার বাসিন্দাদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আগে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) এ সড়কগুলোর মেরামতকাজ করত। তবে পৌরসভা হওয়ার পর এলজিইডির সংস্কার করার সুযোগ না থাকায় পৌরসভার সড়কগুলো দিন দিন বেহাল হয়ে পড়েছে।
৩ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ৫ নম্বর ওয়ার্ডে টিঅ্যান্ডটি সড়কের পশ্চিম গাড়াখোলা এলাকায় সোয়া এক কিলোমিটার রাস্তা খারাপ, ৪ নম্বর ওয়ার্ডের গাড়াখোলা সড়কের এক কিলোমিটার অংশ খানাখন্দে ভরা, ৭ নম্বর ওয়ার্ডে পূর্ব গাড়াখোলা স্কুল সড়কের আধা কিলোমিটার বেহাল, দক্ষিণ গাড়াখোলা এলাকার বৈশাখী মেলা সড়কের আধা কিলোমিটার ভাঙাচোরা, গন্ধারদিয়া সড়কের এক কিলোমিটার অংশ খানাখন্দে ভরা।
পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, সড়কটি সংস্কার না করায় বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায় এবং এলাকার ১৮-২০টি বাড়ির ঘরের মধ্যে পানি ঢুকে যায়। থানা রোড এলাকার বাসিন্দা কৃষক আবু শেখ জানান, ছয়-সাত বছর ধরে সড়কটি সংস্কার করা হচ্ছে না।
পূর্ব গাড়াখোলা এলাকার বাসিন্দা মুদি দোকানি সুবল চন্দ্র সাহা বলেন, পৌরসভা হওয়ার পর এই সড়কে কোনো উন্নয়নকাজ হয়নি। রাতে এ সড়কে হাঁটাও যায় না। এক বছর ধরে এ সড়কে কোনো যানবাহন চলাচল করে না। ভ্যানচালক সিরাজ শেখ বলেন, এই রাস্তা খারাপ থাকায় আমাদের অন্য রাস্তা দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।
গন্ধারদিয়া মহল্লার আজাদ মোল্লা বলেন, ‘এলাকার সড়কটি সংস্কার করা শুরু হয়েছিল। কিন্তু এক বছর ধরে রাস্তায় সুরকি ফেলে রাখা হয়েছে, কার্পেটিং করা হচ্ছে না। ফলে আমাদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।’
মধুখালী পৌরসভা সূত্রে জানা গেছে, এ পৌরসভায় কার্পেটিং করা সড়ক আছে ৩৬ কিলোমিটার। এর মধ্যে ৭ কিলোমিটার খারাপ। ইট বিছানো সড়ক আছে ৫৪ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটার বেহাল। ৪৭ কিলোমিটার কাঁচা সড়কের ১৪ কিলোমিটার বেশি খারাপ।
২০১২ সালের ১১ অক্টোবর মধুখালী পৌরসভা যাত্রা শুরু করে। পৌরসভার সচিব মো. রুহুল আমিন বলেন, নবগঠিত এই পৌরসভার এখনো নিজস্ব কোনো ভবন নেই। পৌরসভার আয় অত্যন্ত সীমিত এবং উন্নয়ন বরাদ্দও কম। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও সবদিকে সুষ্ঠুভাবে নজরদারি করা সম্ভব হয়ে উঠছে না।
পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান প্রথম আলোকে বলেন, ‘গত দেড় বছরে সড়ক সংস্কারকাজে আট কোটি টাকা বরাদ্দ পেয়েছি। সে কাজ এখনো চলছে। নতুন পৌরসভা হিসেবে বরাদ্দ অনুযায়ী সব সড়কের দিকে নজর দেওয়া যায়নি। আমরা সড়ক সংস্কারের জন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছি। সেটি অনুমোদন হলেও পৌরসভার সব সড়ক চলাচলের উপযুক্ত করতে আমাদের আরও ৫৮ কোটি টাকা প্রয়োজন হবে।’