খানাখন্দে ভরা সড়ক
কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে অনেক আগে। এরপর আর সংস্কার করা হয়নি। তাই বৃষ্টি হলেই ওই খানাখন্দে পানি জমে কাদাপানিতে একাকার হয়ে যায়। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। কোথাও কোথাও অবস্থা এতটা খারাপ যে হেঁটেও চলাচল করা যায় না। এই করুণ অবস্থা পটুয়াখালীর দশমিনা-কালাইয়া সড়কের। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, দশমিনা-কালাইয়া সড়কটি আট বছর আগে নির্মাণ করা হয়। জেলার দশমিনা উপজেলার সঙ্গে বাউফল উপজেলার সবচেয়ে বড় বন্দর কালাইয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নয় কিলোমিটার দশমিনায় পড়েছে। এই অংশের অবস্থাই বেশি খারাপ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, দশমিনা অংশে সড়কের কার্পেটিং উঠে গেছে। অনেক স্থানে ইট ও খোয়া উঠে মাটি বের হয়ে আছে। সড়কের শেষ অংশ বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের শহীদ প্যাদা বলেন, তাঁদের এলাকার অংশে সড়কের ইট-বালু সব উঠে গেছে। এতে এই অংশ দিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষ ভোগান্তি পোহাচ্ছে।বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাফুজুর রহমান বলেন, সামান্য বৃষ্টি হলে পাশের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাদাপানি ভেঙে বিদ্যালয়ে যেতে হয়। সড়কটি সংস্কার করার জন্য বেশ কয়েকবার সড়ক বিভাগের কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে।পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, এই সড়ক পটুয়াখালীর এক উপজেলা থেকে অন্য উপজেলার সঙ্গে যোগাযোগে সংযোগ সড়কের আওতায় নেওয়া হয়েছে। দুমকি উপজেলার লেবুখালী থেকে শুরু হয়ে বাউফল, দশমিনা ও গলাচিপা—এই চারটি উপজেলাকে সংযোগ করে ৮৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের (আর-৮৮০) আমড়াগাছিয়ায় মিলিত হয়। ২০০২-২০০৩ ও ২০০৩-২০০৪ অর্থবছরে ৮৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মিত হয়েছিল।সওজের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রৌকশলী কমলেন্দু মজুমদার বলেন, দশমিনা-কালাইয়া সড়কটি বাউফল, দশমিনা, গলাচিপা ও দুমকি উপজেলা সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে। এই চার উপজেলার মধ্য দিয়ে যাওয়া এই সংযোগ সড়কগুলোর মোট দৈর্ঘ ৮৬ কিলোমিটার। এই ৮৬ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ইতিমধ্যে ৯৯ কোটি ২৩ লাখ ১৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিছুদিন আগে সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। শিগগিরই দশমিনা-কালাইয়া অংশে কাজ শুরু হবে। ২০১৩ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।