খানাখন্দে ভরা সড়ক আটকে যাচ্ছে যানবাহন
ঢাকা–মতলব সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারইকান্দি-দৌলতপুর অংশের ১০ কিলোমিটার খানাখন্দে ভরা। সড়কের গর্তে প্রায়ই যানবাহন আটকে যায়। এতে সড়ক দিয়ে চলাচলকারী লোকজন ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় লোকজন বলেন, কুমিল্লার দাউদকান্দির একাংশ, মতলব দক্ষিণ ও চাঁদপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার লোকজনের ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। এসব এলাকার লোকেরা কম সময়ে এই সড়ক দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারেন। প্রতিদিন ওই সড়ক দিয়ে শতাধিক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, অটোরিকশা চলাচল করে। কয়েক বছর আগে এই রাস্তা সংস্কার করা হয়। গত বছরও কিছু অংশে কাজ করা হয়। কিন্তু কাজের মান ভালো না হওয়ায় রাস্তাটি খারাপই রয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, দাউদকান্দির বারইকান্দি, নোয়াগাঁও, জয় বাংলা, নোয়াদ্দা, নৈয়ার বাজার, চৌধুরীপাড়া ও দৌলতপুরে রাস্তা ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা। অনেক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি বের হয়ে এসেছে। সিএনজিচালিত অটোরিকশার চালক মজিবুর রহমান বলেন, ভাঙাচোরা এই রাস্তা দিয়ে গাড়ি চালালে গাড়ি ঘন ঘন নষ্ট হয়। বৃষ্টি হলে গর্তের পানি ঢুকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়ি মেরামত করতে করতে মালিকেরাও বিরক্ত হয়ে যান।
ট্রাকচালক আলী আকবর বলেন, এই সড়কে চলাচল করতে গিয়ে প্রায়ই মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন গর্তে আটকে যায়। বৃষ্টি শুরু হলে অবস্থা আরও খারাপ হয়। মাঝেমধ্যে দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে। কিছুদিন আগে সড়কের বারইকান্দি এলাকা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটকে যায়।
নৈয়ার ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক রতন চন্দ্র দেবনাথ বলেন, চলাচলের অনুপযোগী এমন রাস্তা দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করতে হয়। এতে শরীর ব্যথা হয়ে যায়। মাঝেমধ্যে রাস্তার গর্তে যানবাহন আটকে গেলে হেঁটে যেতে হয়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ‘সড়কটি আমি পরিদর্শন করেছি। মেরামতের জন্য সড়কটির তালিকা সওজের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে কাজ শুরু করা সম্ভব হবে।’