সিলেট নগরের বাগবাড়ী-মদিনা মার্কেট সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে৷ এতে পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রায় তিন বছর ধরে এ অবস্থা চলতে থাকার পর গত বছর সিটি করপোরেশন সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়৷ কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এ অবস্থায় এলাকাবাসী তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
ভুক্তভোগীরা জানান, বাগবাড়ী-মদিনা মার্কেট নগরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ রাস্তা দিয়ে নগরের মদিনা মার্কেট, বাগবাড়ী, আখালিয়া, কালীবাড়ি, হাওলাদারপাড়া, কুমারগাঁওসহ শতাধিক পাড়া-মহল্লার মানুষ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। তাই দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় জন-অসন্তোষ ক্রমেই বাড়ছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়কের স্থানে স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। সড়কজুড়ে তৈরি হয়েছে ছোট-বড় বহু খানাখন্দ। কোথাও আবার বিশাল গর্তের সৃষ্টি হয়েছে৷ এর মধ্যে ঝুঁকি নিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
পাঠানটোলা এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘ভাঙাচোরা রাস্তাটি পেরিয়ে তবেই আমার বাসায় যেতে হয়। বৃষ্টি থাকলে জলকাদার যন্ত্রণা আর শুকনা মৌসুমে ধুলা ওড়ায় সামান্য বাতাসেই ভোগান্তি পোহাতে হয়। দ্রুততার সঙ্গে সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।’
রিকশাচালক মাইনুদ্দিন জানান, রাস্তায় বহু খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তায় চলাফেরা করতে সুস্থ-সবল মানুষের নাভিশ্বাস ওঠে৷ ওসমানী হাসপাতালে যাতায়াতের সময় রোগীরা আরও কাহিল হয়ে পড়েন।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, সড়কটি সংস্কারের জন্য ২০১৩-১৪ অর্থবছরে প্রায় দুই কোটি টাকার একটি প্রকল্প প্রণয়ন করা হয়। এর আওতায় ১৬ থেকে ১৮ ফুট প্রশস্ত রাস্তাটিকে ২৮ ফুট করা হবে। পাশাপাশি দুই হাজার ফুট দীর্ঘ নালাও নির্মিত হবে। ইতিমধ্যে নালা নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে৷ এখন রাস্তা নির্মাণ শুরু হবে।
তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রকল্পের কাজ ধীরগতিতে চলছে। দিনের পর দিন কাজ বন্ধ থাকার পর হঠাৎ করে পুনরায় শুরু করা হয়। এতে করে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কে বি এন্টারপ্রাইজের অন্যতম স্বত্বাধিকারী ঝুমুক দাশ বলেন, সংস্কারকাজে কোনো ধীরগতি হচ্ছে না। আগের রাস্তাটি সম্প্রসারণ করে এখন বড় পরিসরে নির্মাণ করা হবে। তাই রাস্তার ওপর স্থাপিত বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগে লিখিতভাবে আবেদন করা হয়েছে। এসব খুঁটি কিছুদিনের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। এরপর দ্রুততার সঙ্গে রাস্তার কাজ শেষ হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, কাজ ধীরগতিতে চলছে কি না, সেটা খতিয়ে দেখা হবে৷ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হবে। তিনি আরও জানান, রাস্তায় বৈদ্যুতিক খুঁটি থাকায় নালা নির্মাণ শেষ হলেও সংস্কারকাজ শুরু করা যাচ্ছিল না। বিদ্যুৎ বিভাগকে খুঁটিগুলো সরিয়ে নিতে লিখিতভাবে জানানো হয়েছে। তারা খুঁটি সরিয়ে নেওয়ার পর রাস্তার কাজ শুরু হবে।