খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগ

দীর্ঘদিন সংস্কার না করায় জামালপুর পৌর শহরের বানিয়া বাজার-ডাকপাড়া সড়কটি খানাখন্দে ভরে গেছে। দুই পাশে পানিনিষ্কাশনের নালা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। ফলে সড়কটি দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। এটাই এখন জামালপুর পৌরসভার অন্যতম সমস্যা।
পৌরসভার সহকারী প্রকৌশলী জহুরুল হক বলেন, সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু পৌর নির্বাচনের কারণে এখন দরপত্র আহ্বান করার সুযোগ নেই। নির্বাচনের পরেই সড়কটির মেরামতকাজ শুরু হবে।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা যায়, ওই সড়কটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। এটি সর্বশেষ ২০১১ সালে কার্পেটিং করা হয়। বর্তমানে সড়কটি যেভাবে ভেঙে গেছে এবং খানাখন্দ তৈরি হয়েছে, তাতে সংস্কার নয়, নতুন করে সড়কের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে বাড়তি অর্থও ব্যয় করতে হবে। সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের জন্য নালা না থাকায় সব সময় পানি জমে থাকে। এ জন্য দুই পাশে নালা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
ডাকপাড়া এলাকার বাসিন্দা ও বানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, এক বছর ধরে সড়কটি মেরামত ও নালা নির্মাণের জন্য এলাকাবাসী মানববন্ধন করে আসছে। পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি বড় গর্তগুলো ভরাট করা হয়। কিন্তু তা বেশিদিন টেকেনি। খানাখন্দের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগে পাথরবোঝাই একটি ট্রাক উল্টে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে সড়কে পড়ে থাকায় যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, আধা কিলোমিটার সড়কের ২০ থেকে ২৫টি স্থানে ভেঙে খোয়া বেরিয়ে আছে। সড়কে ২৫ থেকে ৩০টি বড় গর্ত। কয়েকটি স্থানে পানি জমে রয়েছে। ফলে যানবাহনগুলো সড়ক ছেড়ে আশপাশের বাড়ি ও দোকানঘরের পাশ ঘেঁষে চলছে।
শহরের বাসিন্দারা বলেন, সড়কটি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার-ডাকপাড়া এলাকা হয়ে জামালপুর-শেরপুর সেতুর সঙ্গে সংযুক্ত হয়েছে। সেতুটি হওয়ার পর সড়কটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ সড়ক দিয়ে জামালপুর ও শেরপুর জেলার বাসিন্দারা চলাচল বরে। ফলে প্রতিদিন এ সড়ক দিয়ে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টর, মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটি, রিকশাসহ শতাধিক যানবাহন চলাচল করে। এ সড়কের এক কিলোমিটার এলাকায় এসেই বিড়ম্বনায় পড়ে যানবাহনচালক ও যাত্রীরা।
ইজিবাইকের চালক ফরহাদ হোসেন বলেন, ‘এ সড়ক দিয়ে চলাচলের সময় বিড়ম্বনায় পড়তে হয়। ভাঙা সড়ক দিয়ে ইজিবাইক চালাতে গিয়ে দু-এক দিন পরপরই তা বিকল হচ্ছে। বাধ্য হয়ে ভাড়া বেশি নিয়ে চলাচল করি।’