খানাখন্দে ভরা সড়ক দুর্ভোগ সীমাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের অধিকাংশ স্থান ভাঙাচোরা। গত সোমবার দুপুরে ঠাকুরাকোনার দেওলি এলাকা থেকে তোলা ছবি l  প্রথম আলো
নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের অধিকাংশ স্থান ভাঙাচোরা। গত সোমবার দুপুরে ঠাকুরাকোনার দেওলি এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সড়কটির দৈর্ঘ্য ২১ কিলোমিটার। এর মধ্যে ২০ কিলোমিটারেই পিচ নেই। একটু পরপর ছোট-বড় গর্ত। উপরন্তু সড়কটি এত সরু যে দুটি বাস বা ট্রাক একসঙ্গে পাশ কাটাতে পারে না। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এই দুরবস্থা নেত্রকোনার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের।
এ বিষয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ ছবি বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে জাতীয় সংসদে, যোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, অচিরেই এই দুর্ভোগ কেটে যাবে।’
সড়কটি সম্পর্কে কলমাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন বলেন, ‘সড়কটি এখন এলাকার মানুষের দুঃখে পরিণত হয়েছে। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে তিন ঘণ্টার বেশি সময় লাগে। গত দুই বছরে এখানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে।
আমরা বিষয়টি বিভিন্ন সভা-সেমিনারে উপস্থাপন করে যাচ্ছি। কয়েক দফা সওজ কর্তৃপক্ষকেও জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, এবারের বন্যায় সড়কটি বেশি নষ্ট হয়েছে। ভাঙাচোরা স্থানে ইট ও খোয়া-বালু ফেলে যান চলাচলের উপযোগী করা হয়েছে। আর জমি অধিগ্রহণ থেকে শুরু করে সড়কটি সংস্কার ও প্রশস্ত করার জন্য ২৬২ কোটি টাকা ব্যয় ধরে একটি প্রস্তাব সওজের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
সওজ নেত্রকোনা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বাইশধার, উড়াদীঘি, নিশ্চিন্তপুর, ধলপুর, তেঘরীয়া, হিরাকান্দা, গোমাই, আশারানী, পাবই, গোতুরা, পাঁচউড়া, বাহাদুরকান্দাসহ বেশ কয়েকটি এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সওজ কর্তৃপক্ষ মাঝে মাঝে ওই গর্তে কিছু ইট ও খোয়া ফেলে যায়। কিন্তু পাঁচ-ছয় দিন পর তা আগের অবস্থায় ফিরে আসে। এই সড়কটি প্রস্থ ১২ ফুট হওয়ায় বিপরীতমুখী দুটি বাস ও ট্রাক অতিক্রম করতে বেশ সময় লাগে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করার সময় বিভিন্ন যানবাহনের যাত্রীরা আতঙ্কে থাকেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি দুই বছর ধরে যানবাহন চলাচলের অনুপযোগী। তাই কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর উপজেলার লোকজন কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এই সড়ক দিয়ে বিদ্যালয় ও কলেজে যাওয়া-আসা করে কয়েক শ শিক্ষার্থী। এ ছাড়া এটি দিয়ে প্রতিদিন শতাধিক পর্যটক কলমাকান্দা ও দুর্গাপুরে আসেন। সর্বশেষ ২০১৫ সালে সড়কটি সংস্কার করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কটি চষা জমিতে পরিণত হয় এবং রোদ পড়লে ধুলাবালুতে একাকার হয়ে যায়। চলতি
বছরের বন্যায় সড়কের বাহাদুরকান্দা থেকে পাঁচউড়া পর্যন্ত দুই কিলোমিটারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সড়কের ঠাকুরাকোনার পর দেওলি এলাকা পার হতেই সড়কের দুরবস্থা শুরু। ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নছিমন, করিমন, বাস, বালুভর্তি ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও গর্তে পড়ে আটকে আছে যান।
নেত্রকোনা শহরের ব্যাটারিচালিত ইজিবাইকচালক সোবাহান মিয়া বলেন, তাঁদের যাত্রীর অভাব হয় না। বিকল্প কোনো সড়ক না থাকায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত অনেক মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন শহর থেকে শত শত মানুষ কলমাকান্দা ও দুর্গাপুরে পাহাড় দেখতে যায়।
সড়কের হিরাকান্দা এলাকায় বাস নিয়ে আটকা পড়েছেন চালক মো. রুহুল আমিন। তিনি বলেন, প্রায় আড়াই বছর ধরে সড়কটি ভাঙা। আগে এই সড়ক দিয়ে তিনি প্রতিদিন ছয়বার যাত্রী নিয়ে আসা-যাওয়া করতে পারতেন। তাতে মাত্র আধা ঘণ্টা সময় লাগত। এখন এই পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা চলে যায়। যাত্রী নিয়ে আতঙ্কের মধ্যে বাস চালাতে হয়। গর্তে আটকা পড়ে বাস বিকল হয়ে পড়ে।