খানাখন্দে ভরা সড়ক, ধুঁকছে বিশ্বনাথবাসী

সড়কগুলোজুড়ে ছোট-বড় অনেক গর্ত। কোনো কোনো সড়কের পিচ উঠে গেছে আবার কোনটি ভাঙাচোরা। দীর্ঘদিন সংস্কার না করায় সিলেটের বিশ্বনাথ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন সড়কগুলোর এই করুণ অবস্থা হয়েছে।
সড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় বেশি লাগছে। যাতায়াতের খরচও বেড়ে গেছে। এতে উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছে। যন্ত্রাংশ নষ্ট হওয়ায় যানবাহনের মালিকেরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সড়কগুলোর মধ্যে এলজিইডির আওতায় পড়েছে ৬৭৬ কিলোমিটার সড়ক। এর মধ্যে কিছু পিচ ও কিছু আরসিসি ঢালাইয়ের। এসব সড়ক দিয়েই প্রতিদিন কয়েক হাজার যাত্রীবাহী অটোরিকশা এবং কয়েক শ বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে। পাশাপাশি জগন্নাথপুর ও ছাতক (একাংশ) উপজেলার যানবাহনও এসব সড়ক দিয়ে যাতায়াত করে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার বিশ্বনাথ-পুরকায়স্থবাজার-কুরুয়াবাজার, আতাপুর মাদ্রাসা- নতুনবাজার, বিশ্বনাথ-হাবড়াবাজার-ছালিয়া, বৈরাগীবাজার- সিঙ্গেরকাছবাজার-লামাটুকেরবাজার, হাবড়াবাজার-দশপাইকাবাজার সড়ক, বাগিচাবাজার-গুদামঘাটবাজারসহ অধিকাংশ সড়কই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এসব সড়ক দিয়ে তিনটি কলেজ, ৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী এবং মৎস্য ও কৃষি খামারের শ্রমিকেরা চলাচল করেন। সড়কের দুরবস্থার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী এবং মৎস্য ও কৃষি খামারের শ্রমিকেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, কোনো কোনো সড়ক সংস্কার হয়েছে প্রায় পাঁচ-ছয় বছর আগে। কোনোটি আরও আগে। জনপ্রতিনিধিরা সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করছেন না। বিশ্বনাথ-জগন্নাথপুর সংযোগ সড়কের সংস্কারকাজ ধীরগতিতে হওয়ার কারণে দুই উপজেলাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মাসুক মিয়া বলেন, ‘সড়ক দিয়ে চলাচলের সময় গাড়ি ছোট-বড় গর্তগুলোতে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গাড়ি মেরামত করতে গিয়ে প্রায় দিনই আমাদের অনেক টাকা গচ্চা দিতে হয়। সড়কগুলো সংস্কার করা হলে আমরা ওই ক্ষতি থেকে রক্ষা পেতাম।’
ব্যবসায়ী দিলবর আলী বলেন, ‘জগন্নাথপুর-ছাতক-বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে ডিম সংগ্রহ করে বিক্রি করি। পরিবহনের সময় সড়কের ভাঙাচোরা অংশে গাড়ির চাকা পড়ে প্রায়ই অনেক ডিম ভেঙে যায়।’
উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের সংস্কারকাজ চলছে। আরও পাঁচটি সড়কের সংস্কারকাজ শুরু করার বিষয়টি প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে সড়কগুলোর সংস্কার করা হবে।