খানাখন্দে ভরা সড়ক, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র চকবাজার, মৌলভীবাজার ও বেগম বাজারের প্রায় সব সড়ক খানাখন্দে ভরা। ফলে পণ্যবাহী যান উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সঙ্গে তীব্র যানজট তো আছেই।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, চকবাজার, মৌলভীবাজার ও বেগম বাজারের ভাঙাচোরা সড়কে দিনের প্রায় ১৮ ঘণ্টাই যানজট লেগে থাকে। ফলে ক্রেতাসহ সবাইকে দুর্ভোগে পড়তে হয়। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এই এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৮ ও ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজার, চকবাজার ও বেগম বাজারের অধিকাংশ সড়কের প্রশস্ততা ১০ থেকে ১৫ ফুট। এই সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে ভরে আছে। সড়কে উড়ছে ধুলাবালি। চকবাজারের চারপাশে রাখা মালামাল পরিবহনের ভ্যান ও ঠেলাগাড়ি। এতে প্রায় অর্ধেক সড়ক দখল হয়ে আছে। সড়কে লেগে আছে যানজট। নির্বিকার হয়ে সড়কে দাঁড়িয়ে আছে পুলিশ। এ ছাড়া বেগম বাজার ও মৌলভীবাজারের প্রায় প্রতিটি সড়কে রয়েছে তীব্র যানজট। এসব এলাকায় যাতায়াতের প্রধান যানবাহন রিকশা। এলাকার সড়কগুলোতে দুটি রিকশা পাশাপাশি চলাই কঠিন। এই তিনটি এলাকায় প্রায় ২০ হাজার দোকান রয়েছে।
মালামাল ভ্যানে নিয়ে মৌলভীবাজার-সংলগ্ন ওয়াটার ওয়ার্কস সড়কে যানজটে আটকে ছিলেন শরীয়তপুরের হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ভাবছিলাম, মালামাল কিনে দ্রুত বাড়ি চলে যাব। কিন্তু মৌলভীবাজার থেকে এ পর্যন্ত আসতে সময় লাগছে প্রায় ৪৫ মিনিট। অথচ হেঁটে এলে সময় লাগত তিন-চার মিনিট। এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে যেতে কত সময় লাগে, জানি না।’
চকবাজারের রহমান ট্রেডার্সের মালিক রহমান মিয়া বলেন, বিকল্প স্থান না থাকায় সড়কেই ভ্যান রাখতে হয়। তবে মালামাল ওঠাতে বা নামাতে বেশি সময় নেওয়া হয় না।
বেগম বাজার এলাকার বাসিন্দা মো. সোহাগ বলেন, ঘনবসতিপূর্ণ এসব এলাকায় বৃষ্টি হলেই বাণিজ্যিক কার্যক্রম থমকে যায়। ভাঙাচোরা সড়কে কাদা-পানির মাখামাখির কারণে হেঁটে চলা দায়। ঠেলাগাড়ি, ভ্যান ও মালামাল বহনকারী পিকআপে যানজটের সৃষ্টি হয়।
মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সকাল আটটার পর থেকে এসব এলাকায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়, চলে রাত প্রায় ১০টা পর্যন্ত। এর মধ্যে সারাক্ষণই যানজট থাকে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ক্রেতাদের পণ্য কিনতেই দিনের অধিকাংশ সময় ব্যয় হয়। ফলে ক্রেতাদের মধ্যে এই এলাকায় আসতে অনীহা তৈরি হচ্ছে। এ ছাড়া সড়ক ভাঙাচোরা থাকায় প্রায়ই এসব এলাকায় ঘটছে দুর্ঘটনা। গত বছর ভ্যান উল্টে একজন শ্রমিক নিহত হয়েছিলেন। আহত হয়ে পঙ্গু জীবন যাপন করছেন অনেক শ্রমিক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, পুরান ঢাকার এসব এলাকার অধিকাংশ সড়ক গড়ে ১৫ ফুট। ফলে ব্যবসায়ীরা সড়কে ঠেলাগাড়ি বা ভ্যান রাখলেই যানজটের সৃষ্টি হয়। কিন্তু বাধা দিতে গেলে উল্টো হুমকির শিকার হতে হয়।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ওই তিনটি বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে সরকার। অথচ এই এলাকার রাস্তাঘাট ভাঙাচোরা। তিনি চকবাজার, বেগম বাজার, মৌলভীবাজারসহ আশপাশের বাণিজ্যিক এলাকার রাস্তাঘাট উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
জনদুর্ভোগের কথা স্বীকার করে ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ওয়ার্ডের তিনটি স্থানে সড়ক ও ড্রেন সংস্কারের কাজ চলছে। সড়কে যানজট কমাতে কমিউনিটি ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। এ ছাড়া রাত ১১টার আগে মৌলভীবাজারে ট্রাক প্রবেশে নিষেধ করা হয়েছে।’