খানাখন্দে ভরা সড়কটি ছোট হলেও গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিলোমিটারের একটি সড়ক। ১৩৫ বছরেও সড়কটির কোনো নাম দেওয়া হয়নি। সবাই এটাকে রাজাঝির দিঘিরপাড় নামেই ডাকে। দীর্ঘদিন সড়কটি সংস্কার ও মেরামত না হওয়ায় এটির বিভিন্ন অংশে বেশ কিছু খানাখন্দের সৃষ্টি হয়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, সড়কটির চারপাশে তৎকালীন মহকুমা ও পরে জেলা প্রশাসকের কার্যালয়, বাসভবন, ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালতসহ গুরুত্বপূর্ণ বেশ কটি সরকারি অফিস-আদালত আর বাংলো ছিল। পরবর্তীকালে জেলা প্রশাসকের কার্যালয়, বাসভবন, ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা জজ আদালতসহ কয়েকটি অফিস এ স্থান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফেনীর প্রবীণ আইনজীবী আক্রামুজ্জমান জানান, ফেনীর প্রথম মহকুমা প্রশাসক নবীন চন্দ্র সেন ১৮৭৬ সালে এ দিঘির উত্তর-পূর্ব কোণে অফিস ও বাসভবন স্থাপন করেন। তারপর ধীরে ধীরে চার পাড়ে বহু অফিস-আদালত স্থাপিত হয়। চার পাড়ের অফিস-আদালতকে কেন্দ্র করে বহু বছর আগে প্রায় ১৫ ফুট প্রশস্ত একটি পাকা সড়ক নির্মাণ করা হয়েছিল। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার হাজারো মানুষ প্রতিদিন শহরের স্টেশন রোডের মাথা হয়ে দিঘির পাড় দিয়ে ট্রাংক রোডে যাতায়াত করে। এটি ট্রাংক রোডের সঙ্গে সংযোগ সড়ক।বর্তমানে খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে হাঁটাচলা খুবই কষ্টকর। হাঁটাচলার সময় পথচারীদের প্রতিনিয়ত হোঁচট খেতে হয়।ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক জানান, সড়ক বিভাগের বাংলো বা বাসভবন থাকলেও দিঘির পাড়ের এ সড়কের দেখাশোনার দায়িত্ব গণপূর্ত বিভাগের অথবা জেলা পরিষদের। ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার বলেন, সড়কের খানাখন্দ তিনি নিজেই দেখেছেন। এটি অবশ্যই সংস্কারের প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথ ভট্টাচার্য জানান, এটি সংস্কারের জন্য জেলা পরিষদ একটি প্রকল্প হাতে নিয়েছে।