খানাখন্দে ভরা সড়কে চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের ইলিশা বিশ্বরোডের মাথা ফেরিঘাট সড়কের একাংশ দেবে গেছে। ছবিটি গত রোববার বিকেলে কালুপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের ইলিশা বিশ্বরোডের মাথা ফেরিঘাট সড়কের একাংশ দেবে গেছে। ছবিটি গত রোববার বিকেলে কালুপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের ভোলা অংশের প্রায় ১৮ কিলোমিটার সড়ক বেহাল। সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার পানিতে এসব গর্ত ডুবে থাকায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা বিশ্বরোডের মাথা ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের অংশ। ভেদুরিয়া থেকে পরানগঞ্জ পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ ২০০২-০৩ অর্থবছরে করা হয় এবং বাকি আট কিলোমিটার সড়ক ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থবছরে পুনর্নির্মাণ করা হয়। কিন্তু এর মধ্যেই সড়কের অধিকাংশ জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। গত পাঁচ-ছয় বছরে ১০ কিলোমিটার সড়কটির অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। একই সঙ্গে পরানগঞ্জ থেকে ভোলা পর্যন্ত পায় পাঁচ কিলোমিটার সড়কের অবস্থাও খারাপ।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অধিকাংশ জায়গায় পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে বৃষ্টির পানি জমেছে। এসব জায়গায় ঝুঁকি নিয়ে কোনো রকমে যানবাহন পার হচ্ছে। সড়কের দুই পাশের কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে।
পশ্চিম ইলিশার ব্যবসায়ী জহির উদ্দিন বলেন, এসব খানাখন্দ পার হতে গিয়ে পথচারীদের কাপড়চোপড় নষ্ট হচ্ছে। যানবাহনও দুর্ঘটনার শিকার হচ্ছে।
মোটরসাইকেল আরোহী হেলাল উদ্দিন বলেন, সম্প্রতি গর্তে পড়ে অটোরিকশার ছয়জন যাত্রী আহত হয়েছেন।
ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের দুরবস্থার কারণে ট্রাকে ২০ টনের স্থলে তিনি ৮-১০ টন মালামাল নিতে পারছেন।
এ ব্যাপারে সওজ ভোলার নির্বাহী প্রকৌশলী শাহীন সরকার বলেন, মহাসড়কটির ১০ কিলোমিটার সংস্কারের জন্য সম্প্রতি প্রকল্প পাস হয়েছে। দরপত্র ডাকা ও কার্যাদেশ দেওয়াও এক মাসের মধ্যে শেষ হবে।