খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর-গোড়াই সড়কের সখীপুর বাসস্ট্যান্ড থেকে নলুয়া বাজার পর্যন্ত খানাখন্দে ভরে গেছে। আগে সড়কের এই অংশ অতিক্রম করতে ১৫ মিনিট লাগত। এখন অবস্থা খারাপ হওয়ায় এক ঘণ্টার বেশি সময় লাগছে। এ অবস্থায় রাজধানী ঢাকা ও জেলা শহর টাঙ্গাইল যাওয়ার একমাত্র ওই সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সখীপুর-গোড়াই সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। এ সড়কের সখীপুর বাসস্ট্যান্ড থেকে নলুয়া বাজার পর্যন্ত নয় কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় ওই সব খানাখন্দে পানি জমে থাকে। এর পরও সড়কে গাড়ি চলাচল করায় খানাখন্দগুলো আরও বড় হয়ে যাচ্ছে। প্রতিদিনই ওই সড়কের কোনো না কোনো স্থানের গর্তে গাড়ি আটকে থাকছে। কয়েক ফুট পর পর গর্ত থাকায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সখীপুর অঞ্চলের উৎপাদিত ফসল, শাকসবজি, ফলমূল, বাঁশ, কাঠ ওই সড়ক দিয়ে রাজধানী ঢাকা ও জেলা শহর টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
সখীপুরের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, রাস্তা খারাপ থাকায় ট্রাকের ভাড়া বেড়ে গেছে। ফলে ব্যবসায় তেমন সুবিধা করা যাচ্ছে না। প্রতিদিন ওই সড়কে বাস চালিয়ে ঢাকা যান চালক আবুল মিয়া। তিনি বলেন, একে তো রাস্তা খারাপ আবার চন্দ্রার পর থেকে যানজট। সব মিলিয়ে সখীপুর বাসস্ট্যান্ড থেকে নলুয়া বাজার পর্যন্ত ১৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে এক ঘণ্টার বেশি সময় লাগছে।
প্রতিদিন সখীপুর থেকে ঢাকায় গিয়ে অফিস করেন সখীপুরের তোফাজ্জল। তিনি বলেন, ‘গর্তে পড়ে গাড়ি যখন কাত হয়ে যায়, তখন আতঙ্কে থাকি। ওই সময় জীবনের বারোটা বেজে যায়।’
সখীপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিক-ই-রাসেল বলেন, রাস্তা ভাঙাচোরার কারণে গাড়ি নষ্ট হয় বেশি। এতে খরচ বাড়ে। ফলে আগের মতো ব্যবসা হচ্ছে না। বিশেষ করে সখীপুর থেকে নলুয়া ও ঘোনারচালা বাজার পর্যন্ত ওই রাস্তা সংস্কার করা না হলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ, প্রতি মাসে গচ্চা দিয়ে তো আর রাস্তায় গাড়ি চালানো সম্ভব নয়।
সওজ মির্জাপুর কার্যালয়ে উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, সখীপুর থেকে নলুয়া পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। বর্ষার পরেই কাজ শুরু হবে। তবে আপাতত যান চলাচলের জন্য ওই সব গর্ত ভরে দেওয়ার কাজ চলছে।