
দীর্ঘদিন সংস্কার না করায় লালমনিরহাটের পাটগ্রাম সদর-কুচলিবাড়ি সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরে গেছে। এতে এ সড়কটি দিয়ে চলাচলকারী দুটি ইউনিয়নের ২৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পাটগ্রাম উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম সদর-কুচলিবাড়ি সড়কটির দৈর্ঘ্য ছয় কিলোমিটার। এর মধ্যে ১৯৯৬ সালে এলজিইডির অর্থায়নে ওই সড়কের পাটগ্রাম সদর-ললিতারহাট পর্যন্ত তিন কিলোমিটার ও দ্বিতীয় পর্যায়ে ২০১১ সালে ওই সড়কের ললিতারহাট-কুচলিবাড়ি পর্যন্ত আরও তিন কিলোমিটার কার্পেটিং করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ওই সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে কুচলিবাড়ি ইউনিয়নের চাত্রারপাড়, কুচলিবাড়ি, পানবাড়ি, বসুনিয়াপাড়া, দোইয়ালেরটারী, ললিতারহাট, দীর্ঘলটারী, টেইলেনটারী, কলসিরমুখ, ভেদলোটারী, ডাঙাপাড়া, নদীরপাড়, দৌলতপুর, দরগারপাড় গ্রামের বাসিন্দা ও কলসিরমুখ বিজিবি ক্যাম্পের সদস্যদের এবং দহগ্রাম ইউনিয়নের মহিনপাড়া, সরদারপাড়া গ্রাম, ভঙ্গেরবাড়ি গ্রামসহ অন্তত ২৫টি গ্রামের ৪০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, বিভিন্ন স্থানে সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে একটি গাড়ি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। সড়কটিতে তিনটি সেতুর দুই পাশের মুখেও গর্তের সৃষ্টি হয়েছে।
কুচলিবাড়ি গ্রামের লিয়াকত হোসেনসহ চারজন কৃষক বলেন, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। ভ্যানচালকেরা গেলেও এ জন্য অতিরিক্ত পরিবহন ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। দ্রুত এ সড়কটি সংস্কার করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিজিবি সদস্য বলেন, তাঁদের সীমান্ত ফাঁড়িতে যাওয়ার প্রধান সড়ক এটি। এর বিকল্প একটি সড়ক থাকলেও সেটি মাটির রাস্তা। ফলে সীমান্তে কোনো ঘটনা ঘটলে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে সময়মতো ঘটনাস্থলে যাওয়া যায় না।
আবু মিয়াসহ তিনজন ভ্যানচালক বলেন, ভাঙাচোরা রাস্তার জন্য বেশি মাল নেওয়া যায় না। এ ছাড়া ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়। পেটের দায়ে বাধ্য হয়ে ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছে।
দৌলতপুর গ্রামের কলেজছাত্রী পারশি ও কোহেলি বলেন, সড়কের বেহাল অবস্থার জন্য তাঁদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানবাহন বা ভ্যানে এ সড়ক দিয়ে চলাচল করলে কষ্ট হয়, সময়ও বেশি লাগে।
এ ব্যাপারে কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক বলেন, ‘সড়কটির বেহাল অবস্থার বিষয়টি ইতিমধ্যে উপজেলা মাসিক সমন্বয় সভায় বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় এলজিইডির প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা বলেছেন, সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে পাটগ্রাম এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলী আকবর বলেন, সড়কটির একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পের অনুমোদন পেলে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।