
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দুলালপুর-ফতেকান্দি সড়কটি খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটিতে যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালপুর-প্রেমেরবাজার সড়কের দুলালপুর থেকে ফতেকান্দি পর্যন্ত অংশ পৌরসভার অধীন। সড়কটির ফতেকান্দি থেকে প্রেমেরবাজার হয়ে সনমান্দি পর্যন্ত অংশ এ বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মেরামত করলেও পৌরসভার অধীনে থাকায় দুলালপুর থেকে ফতেকান্দি পর্যন্ত দেড় কিলোমিটার অংশ মেরামত করা হয়নি। সাত বছর ধরে মেরামত না করায় এ অংশের কার্পেটিং উঠে খোয়া বের হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ, বড়ইকান্দি, মশুরাকান্দা, সনমান্দি, হযরতপুর, হামছাদি, কাফাইয়াকান্দা, ছনকান্দা, মহেশ্বরদীসহ ১০ গ্রামের বাসিন্দারা।
সনমান্দি গ্রামের বাসিন্দা হোসেন মিয়া বলেন, ‘সড়কটি মেরামত করার জন্য দুই বছর ধরে আমরা পৌরসভার মেয়রকে অনুরোধ করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’
সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মতিউর রহমান বলেন, সড়কটি দিয়ে বর্তমানে চলাচল করা কঠিন। এ সড়কে চালকেরা গাড়ি চালাতে চান না। এ কারণে মানুষকে হেঁটে চলাচল করতে হয়।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, অর্থ বরাদ্দ না থাকায় সড়কটি মেরামত কাজ করা সম্ভব হয়নি। এলাকাবাসীদের দুর্ভোগের কথা চিন্তা করে কয়েক দিনের মধ্যে সড়ক মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।