খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগই সঙ্গী

সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে পিচ। বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তিন বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর-পানপাড়া সড়কের এ দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির এ দশা।
গুরুত্বপূর্ণ এ সড়কে এখন যানবাহন চলে হেলেদুলে। এতে প্রায় সাত কিলোমিটার সড়ক পার হতে সময় লাগে আধা ঘণ্টার মতো। এ রাস্তার দুর্ভোগ এড়াতে অনেকে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে মিরগঞ্জ সড়ক হয়ে রায়পুর বাজারে যান।
রায়পুর বাজারের ব্যবসায়ী এম এ রহিম বলেন, রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়েই পার্শ্ববতী রামগঞ্জ উপজেলায় যাতায়াত করতে হয়। অথচ খানাখন্দে ভরে যাওয়ায় এ পথে চলাচলকারী লোকজন দুই বছর ধরে ভোগান্তি পোহাচ্ছে।
কেরোয়া গ্রামের বাসিন্দা রফিক উল্যা বলেন, কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রধান সড়ক এটি। এ ছাড়া আরও তিন-চারটি ইউপির বাসিন্দাদের প্রতিদিনই এ রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ওই সড়কে রিকশাও যেতে চায় না। রিকশা গেলেও খারাপ রাস্তায় ভাড়া গুনতে হয় দ্বিগুণের বেশি।
রায়পুর স্থানীয় সরকার প্রকৌশলীর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে রায়পুর-পানপাড়া সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০১৩ সালে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এটি মেরামত করা হয়।
এলজিইডি লক্ষ্মীপুর কার্যালয়ের একটি সূত্র জানায়, ২০১২ সালে টেন্ডারের পর কাজটি দুই-তিনজন ঠিকাদারের হাত বদল হয়ে সম্পন্ন হয়। এতে কাজের মান খারাপ হয়। সংস্কারের এক বছর পরই নষ্ট হয়ে যায়।
কেরোয়া ইউপির চেয়ারম্যান শাহজাহান কামাল বলেন, সড়কের সিলকোট ও ইটের খোয়া উঠে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টি হলে অনেক গর্তে পানি জমে। প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। এ কারণে চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ দুর্ভোগে আছে। গত জুলাই মাসে সড়কের বড় গর্তগুলো ইট দিয়ে ভরাট করা হয়। কিন্তু কিছুদিন পর ইটগুলোও উঠে যায়।
জানতে চাইলে রায়পুর উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, ‘সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। জরুরিভাবে সড়কটি মেরামতের জন্য জুলাই মাসে ঢাকার প্রধান প্রকৌশলীর কার্যালয়ে চিঠি দিয়েছি। তা ছাড়া সড়কটির দুই পাশে খাল আছে। এতে সড়কটি অনেক স্থানে দেবে যায়। এটাও অল্প সময়ের মধ্যে সড়কটি নষ্ট হওয়ার অন্যতম কারণ।’