চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফ-শামলাপুর সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ফলে চলাচলে বেড়েছে ভোগান্তি।
৩১ কিলোমিটারের এই সড়ক দিয়ে টেকনাফ পৌরসভা ও দুটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ যাতায়াত করে। এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকেরা ইনানী সৈকত, জাহাজপুরা গর্জন বাগান, হোয়াইক্যং কুদুমগুহা, টেকনাফের মাথিনের কূপ ও ব্রিটিশ বাংকার দেখতে এই সড়কে যাতায়াত করেন। টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য কক্সবাজার-টেকনাফ সড়কের বিকল্প হিসেবেও এটি ব্যবহৃত হয়। চলাচল করে যাত্রী ও পর্যটকবাহী বাস, মাইক্রোবাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা।
সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে ছোট-বড় গর্ত। তাতে কাদাপানিতে একাকার। গাড়ি চলছে হেলেদুলে। সড়কের দুই পাশে ভাঙন দেখা দিয়েছে টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া, ইসলামাবাদ, নতুন পল্লানপাড়া, সদর ইউনিয়নের লেঙ্গুরবিল, হাবিরছড়া, হাতিয়ারঘোনা, মিঠাপানিরছড়া, রাজারছড়া, নোয়াখালীয়াপাড়া, বাহারছড়ার কচ্ছপিয়া, জাহাজপুরা, শীলখালী, মাথাভাঙ্গা, বড়ডেইল, চৌকিদারপাড়া, বাইন্ন্যাপাড়া, আছারবনিয়া, হলবনিয়া ও মনখালী এলাকায়।
এ সড়ক দিয়ে চলাচলকারী বাসচালক খোরশেদুল আলম বলেন, সড়কে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। গর্তে পড়ে প্রায়ই গাড়ি আটকে যায়।
এলজিইডি টেকনাফ কার্যালয় সূত্রে জানা যায়, টেকনাফ-কক্সবাজার সড়কের বিকল্প হিসেবে (এলজিইডির অর্থায়নে) টেকনাফ-শামলাপুর হয়ে কক্সবাজার আসা-যাওয়ার সড়কটি নির্মাণ করা হয়। টেকনাফ পৌরসভার পুরোনো বাস স্টেশন থেকে শামলাপুর বাজার পর্যন্ত ৩১ কিলোমিটারের এই পাকা সড়ক তৈরি হয় জাপান সরকারের সহায়তায়। নির্মাণকাজ তত্ত্বাবধান করে এলজিইডি। এতে ব্যয় হয় প্রায় ৩১ কোটি টাকা। নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালের মে মাসে। এরপর থেকে চলাচল করছে যানবাহন।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাহান মিয়া ও বাহারছড়ার ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, পর্যটন মৌসুম শুরুর আগে সড়কের সংস্কার না হলে পর্যটক ও স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সড়কের দুরবস্থার কারণে এখন প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা প্রকৌশলী আবসার উদ্দিন বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য ভাঙন দেখা দিয়েছে। এ সড়কটি মেরামত করার জন্য পাঁচ বছর মেয়াদি একজন ঠিকাদার নিয়োগ রয়েছে। বৃষ্টি কমে গেলে খানাখন্দ মেরামত করতে তাগিদ দেওয়া হবে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদি বলেন, পর্যটকদের সুবিধার্থে টেকনাফ-কক্সবাজার সড়কের বিকল্প হিসেবে এ সড়কটি নির্মাণ করার পর পর্যটক ও স্থানীয় লোকজন কম সময়ে জেলা সদরে যেতে পারছেন।
তিনি আরও জানান, পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি কক্সবাজার কলাতলী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৮৪ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি চালু হলে টেকনাফ-শামলাপুর সড়কের ওপর চাপ কমবে।