
সড়কজুড়েই অসংখ্য ছোট-বড় গর্ত। জায়গায় জায়গায় পিচঢালাই উঠে গিয়ে বেরিয়ে পড়েছে ইটের খোয়া। বৃষ্টি হলেই কাদাপানির চেহারায় দাঁড়ায় সড়কটি। মাঝে মধ্যেই গর্তে আটকে যায় যানবাহন। তখন ভোগান্তি আরও বাড়ে চলাচলকারীদের। এ চিত্র হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ-রামদাশহাট-মদুনাঘাট সড়কের।
উপজেলার উত্তর মাদার্শা, দক্ষিণ মাদার্শা, গড়দুয়ারা ও চিকনদণ্ডী এ চারটি ইউনিয়নসহ আশপাশের এলাকার বাসিন্দারা সড়কটি ব্যবহার করে। সড়কটি দিয়ে প্রতিদিন অন্যান্য যানবাহন ছাড়াও ফতেয়াবাদ থেকে মদুনাঘাট ও মদুনাঘাট থেকে ফতেয়াবাদ রুটে শত শত যাত্রীবাহী অটোরিকশা চলে। সড়কটির দৈর্ঘ্য ১০ কিলোমিটার।
গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের বাদশা বলির ঘাটা, বটতলী উত্তর মসজিদের পূর্ব পাশে, চৌধুরী ঘাটা, কালিবাড়ি, মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, মাদার্শা উচ্চবিদ্যালয়ের সমানে, রামদাশহাট তিন রাস্তার মোড়, কাজী বাড়িসংলগ্ন তালেব মেম্বার ঘাটা, মাদারীপুল বাজারের আগে, বড়ুয়াপাড়া, বহদ্দার বাড়ি, ওয়ালীর ঘাটা এলাকায় অন্তত অসংখ্য ছোট ছোট খানাখন্দ। ১২টি স্থানে তৈরি হয়েছে বড় গর্তের। সড়কের বেহাল দশার কারণে যানবাহন চলছিল ধীরগতিতে। বড় বড় গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে।
সড়কের ফতেয়াবাদ উত্তর মাদার্শা ১ নম্বর ওয়ার্ড এলাকার ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, সড়কটি অনেক দিন সংস্কার হয় না। গত বছর এলাকার জনগণ নিজ উদ্যোগে গর্তগুলোতে তিন ট্রাক ইটের টুকরা ফেলেছিল। দুমাস আগে সড়কের বটতলী উত্তর মসজিদ এলাকাতেও ইটের খোয়া ফেলা হয়েছে। কিন্তু লাভ হয়নি। সড়কটি স্থায়ী সংস্কার করা দরকার।
হাটহাজারী উপজেলার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু তালেব প্রথম আলোকে বলেন, সড়কটির ফতেয়াবাদ থেকে মাদার্শা বহুমুখী উচ্চবিদ্যালয় পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের মধ্যে ৫০ ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কটি সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে সংস্কার করা হয়েছিল।
ফতেয়াবাদ থেকে মদুনাঘাট চলাচলকারী অটোরিকশাচালক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ভাঙা সড়কে গাড়ি চালাতে প্রতিদিনই কষ্ট সহ্য করতে হয়।
উত্তর মাদার্শা চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ বলেন, চলতি বছরের বর্ষায় রাস্তাটির অবস্থা আরও খারাপ হয়েছে। বৃষ্টি হলে বড় গর্তগুলোকে ছোট ছোট পুকুরের মত দেখায়। সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন চেয়ারম্যান এম এ মজিদ বলেন, সড়কের দক্ষিণ মাদার্শা অংশের প্রায় পুরোটাই পিচঢালাই উঠে গেছে। ঝুঁকি নিয়ে রাস্তায় যানবাহন চলছে।
হাটহাজারী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, সড়কটির সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে অগ্রাধিকারের ভিত্তিতে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।