নীলফামারী সদরের চাঁদেরহাট থেকে জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার পরিদর্শন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে।সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানের ঢালাই উঠে খোয়া ও পাথর বেরিয়ে পড়েছে। জলঢাকার খুটামারা ইউনিয়নের হরিশ চন্দ্র পাঠ ও জেলা সদরের রামনগর এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সড়কের বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।দুন্দিবাড়ী গ্রামের তালেবুর রহমান বলেন, ‘সড়কটি মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি নির্মাণের পর একবারও সংস্কার করতে দেখি নাই। সে কারণে রাস্তাটা নষ্ট হয়ে গেছে।’ প্রায় একই ধরনের কথা বলেন ওই গ্রামের ভোলারাম রায়, জেলা সদরের রামনগর এলাকার ওই পথের মোটরসাইকেল আরোহী আতিয়ার রহমানসহ কয়েকজন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১৯৯৬-৯৭ অর্থবছরে আবুধাবির উন্নয়ন তহবিলের অর্থায়নে তিস্তা সেচ প্রকল্পের আওতায় নীলফামারী জেলার ওপর দিয়ে ২৮ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ দিনাজপুর সেচ খাল নির্মাণ করা হয়। পরে ওই খাল সম্প্রসারিত করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ পর্যন্ত ৪১ কিলোমিটার করা হয়। এই সেচ খাল পরিদর্শনে যাওয়ার সুবিধার জন্য এক দশক আগে প্রায় পাঁচ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নীলফামারী সদরের চাঁদেরহাট থেকে জলঢাকার দুন্দিবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক নির্মাণ করা হয়। এই সড়কটি তিস্তা সেচ প্রকল্পের প্রধান খালের সড়কে গিয়ে মিলিত হয়েছে। সেচ প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য নির্মাণ করা হলেও এলাকাবাসী হালকা যানবাহন ব্যবহার করে এই সড়ক দিয়ে হাতীবান্ধা, পাটগ্রাম, বুড়িমারী, লালমনিরহাটসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে থাকে। সূত্র আরও জানায়, পাউবোর নিষেধাজ্ঞার কারণে এ সড়কে ভারী যানবাহন চলাচল করতে পারে না। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভারী যানবাহন প্রতিরোধক ব্যবস্থাও রয়েছে। এ কারণে সড়কটি পুরোপুরি ভারী যানবাহনমুক্ত। শুধু সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। পাউবো নীলফামারীর উপবিভাগীয় প্রকৌশলী খাইরুল ইসলাম বলেন, ‘সড়কটি সেচ খাল পরিদর্শনের জন্য খুবই জরুরি। গত দুই বছর সীমিত আকারে কিছু সংস্কারকাজ করা হলেও প্রয়োজন অনুযায়ী করা সম্ভব হয়নি। এ বছর আমরা সড়কটি সংস্কারের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ চেয়েও পাইনি। এরপর আবারও বর্ষাকালে জরুরি সংস্কার কাজের জন্য ২০ লাখ টাকা চেয়েছি। ওই টাকা পাওয়া গেলে বেশি খারাপ জায়গাগুলো সংস্কার করতে পারব।’