
ঢাকার সাভারের একমাত্র পাইকারি বাজারে ঢোকার রাস্তাগুলো খানাখন্দে ভরে গেছে। প্রায় এক যুগ ধরে এসব সরু রাস্তার সংস্কার হয়নি। বাজারেও গড়ে উঠেছে বিভিন্ন অপরিকল্পিত স্থাপনা। এর ফলে ট্রাক ঢুকতে না পারায় বাজারের ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, সাভার পৌর এলাকায় বংশী নদীর তীরে গড়ে ওঠা সাভার বাজারটি নামাবাজার হিসেবে পরিচিত। বাজারটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় সাত হাজার ব্যবসাপ্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে অন্তত ১০ হাজার ব্যবসায়ী জড়িত। এ ব্যবসায়ীদের পণ্য পরিবহনের জন্য প্রতিদিন অন্তত দেড় হাজার ট্রাক বাজারে আসা-যাওয়া করে। কিন্তু খানাখন্দে ভরা সরু রাস্তা আর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা স্থাপনার কারণে ট্রাকগুলো বাজারের ভেতর ঢুকতে পারে না। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বাজারের মরিচপট্টি, মুড়িপট্টি, চালপট্টি, বস্তাপট্টি, কলাপট্টি ও লোহাপট্টির রাস্তা খানাখন্দে ভরা। এসব রাস্তায় হেঁটে চলাচলও কষ্টকর। থানা রোড, বাজার রোড ও রেডিওকলোনি-নামাবাজার সড়কে ঢুকতেই চোখে পড়ে পণ্যবাহী ট্রাকের জট। এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকের কারণে সৃষ্টি হয় যানজটের।
সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি শওকত আলী বলেন, এক যুগ আগে বাজারের কয়েকটি রাস্তা খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়। এরপর কোনো রাস্তার সংস্কার বা উন্নয়ন করা হয়নি। এতে অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান বলেন, সাভার নামাবাজার ডাল, তেল, চাল ও গুড়ের বড় মোকাম। এখানে অন্তত ২৫টি ডালের মিল রয়েছে। এ বাজার থেকে প্রতিদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পণ্য সরবরাহ করা হয়। আবার বিভিন্ন ধরনের পণ্য এ বাজারে আসে। বাজারে ট্রাক ঢুকতে না পারায় এসব পণ্য পরিবহনে ভোগান্তির শিকার হতে হয় ব্যবসায়ীদের।
মরিচপট্টির ব্যবসায়ী আজমত আলী বলেন, পানিনিষ্কাশনের জন্য বাজারে কোনো নালা (ড্রেন) নেই। সামান্য বৃষ্টিতেই বাজারের রাস্তায় কাদাপানি জমে থাকে।
ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালিপদ সরকার বলেন, ধামরাইয়ের বাসিন্দা হলেও প্রতিদিন নানা প্রয়োজনে তাঁকে সাভারে যেতে হয়। পথে বংশী নদীর ওপর নির্মিত সেতুর ঢালে সাভার বাজারের পণ্যবাহী ট্রাকের জটলায় তাঁকে ভোগান্তির শিকার হতে হয়।
সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইমাম বলেন, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে সাভার বাজারের ভেতরের রাস্তার উন্নয়ন করা সম্ভব হয়নি। খুব শিগগির এসব রাস্তা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।