দীর্ঘদিনের সংস্কারের অভাব ও কয়েক দিনের বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং উঠে গেছে। সড়কে সৃষ্ট খানাখন্দের কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। স্থানীয় দুটি সেতুও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলায় তিনটি সড়ক খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে এলজিইডির অধীনে মৌচাক-ফুলবাড়িয়া সড়ক, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে কালিয়াকৈর-ফুলবাড়িয়া ও কালিয়াকৈর-ধামরাই সড়ক আছে। কয়েক দিনের বৃষ্টি ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় তিনটি সড়কই বেহাল হয়ে আছে। সড়কগুলোর পাশের মাটি সরে গেছে। কোথাও কোথাও কার্পেটিং উঠে গেছে। খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে এসব সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদীর ওপর বেইলি সেতু এবং কালিয়াকৈর-ধামরাই সড়কের বড়দল এলাকায় আরসিসি সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এতে যান চলাচলে যেমন বিঘ্ন ঘটছেও, তেমনি নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনাও। কখনো স্থানীয় লোকজন কখনোবা সওজের উদ্যোগে ইট দিয়ে কিছু খানাখন্দ ও গর্ত ভরাট করা হয়ে থাকে। কিন্তু কয়েক দিন পরই তা আবার আগের মতো হয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।
গত শুক্র ও শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের জামালপুর চৌরাস্তা এলাকায় একটি মালবাহী ট্রাক গর্তে পড়ে আটকে আছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় শ্রমিকদের দিয়ে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। ওই ট্রাকটি যাওয়ার ঘণ্টা খানেক যেতে না যেতেই আরেকটি মালবাহী ট্রাক একই স্থানে আটকে যায়।
জামালপুর বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের কারণে প্রতিদিনই দুই-তিনটি গাড়ি বিকল হচ্ছে। ওই সড়কের জামালপুর চৌরাস্তা ছাড়াও ভান্নারা, সাকাশ্বর মোড়, আকুলিচালা, ঠাকুরপাড়া, চাবাগান, বান্দর মার্কেট, গাছবাড়ি, খলসাজানি, ফুলবাড়িয়া এলাকাসহ প্রায় ২০ কিলোমিটার অংশই বেহাল। সড়কের বিভিন্ন অংশের কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে এক থেকে দেড় ফুট গর্তের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের প্রায় ১৮ কিলোমিটারের পুরোটাই ভাঙাচোরা। ইট দিয়ে জোড়াতালি দিলেও তা কাজে আসছে না। সবচেয়ে বেশি খারাপ অবস্থা মেদীআশুলিয়া বাজারের দুই পাশ, বাংলাবাজার, শিমুলিয়া, খালপাড়, কালিয়াকৈর বাজার এলাকায়। এ ছাড়া ওই সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদীর ওপর বেইলি সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। জোড়াতালি দিয়ে সেতুটি কোনোরকমে সচল রাখা হয়েছে।
কালিয়াকৈর-ধামরাই ১৫ কিলোমিটার সড়কের শুরুতেই কালিয়াকৈর বাজার এলাকায় খানাখন্দ ও গর্তে ভরপুর। এরপর সড়কের সাহেববাজার, বড়দল, বলিয়াদি, শেওড়াতলী, ডুবাইল বাসস্টেশন, ঢাকার আশুলিয়া থানার নৈহাটি ও পাড়াগ্রাম এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া উপজেলার বড়দল এলাকায় একটি আরসিসি সেতুর একাংশ ভেঙে গেছে। সেতুটি এক থেকে দেড় ফুট দেবে গেছে। পরে সেতুর দেবে যাওয়া অংশে বেইলি সেতু করা হয়েছে, যা মূল সেতু থেকে প্রায় পাঁচ-ছয় ফুট উঁচু।
ট্রাকচালক আবদুর রহমান বলেন, এসব বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুর কারণে ঠিকমতো যানবাহন চলাচল করতে পারছে না। বিভিন্ন সময় যানবাহনও বিকল হয়ে পড়ছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী সালমান রহমান বলেন, টেন্ডারের মাধ্যমে ২ হাজার ৫৮১ মিটার রাস্তার কাজ চলছে। বাকি রাস্তার কাজ পর্যায়ক্রমে করা হবে।
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বশির আহমেদ বলেন, সড়কের যেখানে খুব খারাপ অবস্থা, সেখানে মেরামত করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা ও ঝুঁকিপূর্ণ সেতুগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগির সড়ক দুটি সংস্কার করা হবে। পর্যায়ক্রমে সেতুগুলোও নতুন করে নির্মাণ করা হবে।