খানাখন্দে ভোগান্তি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বৃষ্টিতে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো
ভারী বৃষ্টিতে রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পিচ উঠে গর্ত তৈরি হয়েছে। ছবিটি গত শনিবার দুপুরে তোলা l প্রথম আলো

ভারী বৃষ্টিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং ফেরিঘাট এলাকার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গোয়ালন্দ উপজেলার রেলগেট, গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ক্যানালঘাট এলাকা ও দৌলতদিয়া ফেরিঘাট সড়কের বেশ কয়েকটি স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। কার্পেটিং উঠে পাথর ও খোয়া বের হয়ে আছে। তাতে পানি জমেছে। এসব গর্তে ছোটখাটো যানবাহন পড়ে দুর্ঘটনার শিক্ষার হচ্ছে। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার পরিবহন কাউন্টারে কর্মরত কয়েকজন জানান, প্রতিদিন বাসস্ট্যান্ড গতিরোধকের কাছে দক্ষিণাঞ্চল ও রাজধানীমুখী যানবাহনে যাত্রীরা ওঠা-নামা করেন। গতিরোধকের সামনে ছয়-সাতটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, প্রায়ই গর্তে গাড়ির চাকা পড়ে কাদাপানি ছিটে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান, বসতঘর ও সাধারণ পথচারীদের ওপর পড়ছে। অথচ মাস তিনেক আগেই সড়কের সংস্কারকাজ করা হয়।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী কিসমত আলী বলেন, বৃষ্টির শুরু থেকে ২ নম্বর ফেরিঘাটের মাথায় সড়কের কয়েকটি গর্তে পানি জমেছে। ঢাকামুখী পরিবহনচালক আলামিন সরদার বলেন, বৃষ্টিতে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট সড়কের মাথায় বিশাল আকারের কয়েকটি গর্তে গাড়ির চাকা পড়লেই অবস্থা খারাপ হয়ে যায়।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গোয়ালন্দ উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বৃষ্টির কারণে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা এলাকায় বেশ কয়েক স্থানে কার্পেটিং উঠে গর্ত হয়েছে। বৃষ্টির কারণে ঠিকমতো মেরামত করা যাচ্ছে না।
সওজ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী শাহ্রিয়ার রুমী বলেন, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, দৌলতদিয়ার বিকল্প ও ফেরিঘাট সড়কের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। এসব স্থান মেরামত করা হচ্ছে।